আসসালামু আলাইকুম।স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল। একদিন স্বামী তার স্ত্রীকে বলল, তোমার মন চাইলে তুমি আমাকে তালাক দিতে পারো অথবা তুমি আমাকে তালাক দাও। মূলত স্বামী নিজে তালাক দিতে চায় না। তাই স্ত্রী চাইলে তাকে তালাক দেওয়ার অনুমতি দিল। স্ত্রী বলল, কীভাবে দেব? স্বামী বলল, এভাবে লেখো আমি আমার হাজবেন্ড (নামসহ) কে ১/২/৩ তালাক দিলাম। স্ত্রী এতে রাজি না হওয়ায় পরে স্বামী বলল, তাহলে জাস্ট খাতায় লিখে দেবে যে, ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। লিখে এরপর আমাকে ছবি পাঠাবে। এ অবস্থায় স্ত্রী স্বামী যেভাবে বলেছে, সেভাবেই লিখে দিল ১ তালাক, ২ তালাক, ৩ তালাক।’ অর্থাৎ স্বামীর নির্দেশ অনুযায়ী উক্ত কথাগুলো লিখে ছবি পাঠাল। উক্ত সুরতে কি তালাক হয়ে যাবে? স্ত্রী কি সরাসরি এভাবে ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক লিখে দিলে তালাক হবে, নাকি তাকে অন্য কোনোভাবে লিখতে হবে? যেমন আমি স্বামীর পক্ষ থেকে এক/দুই/তিন তালাক গ্রহণ করলাম। এভাবে লিখতে হবে কি না? আমি শুনেছি, স্বামী অনুমতি দিলেও স্ত্রী এভাবে সরাসরি স্বামীকে ১/২/৩ তালাক দিতে পারবে না; বরং সে চাইলে তালাক গ্রহণ করতে পারবে। অর্থাৎ তালাক গ্রহণ করলাম এরকম কিছু লিখতে হবে। সরাসরি তালাক দিলাম লিখলে হবে না। তাই উপরের সুরতে তালাক হয়েছে কি না, তা জানাবেন। আরেকটি বিষয় হলো, স্ত্রী যখনই খাতায় তিন তালাক লিখল এবং এর ছবি স্বামীর কাছে পাঠাল, তখনই স্বামী তা দেখে বলল, এক তালাকের পাশে সাইন করো। অর্থাৎ স্বামীর মনের ইচ্ছা ছিল, স্ত্রীর শুধু এভাবে লেখার কারণেই যেন তালাক কার্যকর না হয়; বরং সাইন করার পর তালাক কার্যকর হয়। যদিও সাইন করার বিষয়টি স্ত্রী তিন তালাক লিখে দেওয়ার পরে স্বামী বলেছে। পরবর্তীতে স্ত্রী আর সাইন করেনি। সাইন করার বিষয়টি স্বামীর মনে শুরু থেকেই ছিল। এর আগেও কয়েকবার তালাকের প্রসঙ্গ এলে স্বামী স্ত্রীকে সাইন করার কথা বলেছে। তবে সর্বশেষ যখন বলেছে, খাতায় লিখে দাও ১ তালাক, ২ তালাক, ৩ তালাক, তখন স্বামী সাইন করার বিষয়টি বলেনি বা বলার সুযোগ পায়নি; বরং স্ত্রী কল কেটে দিয়েছে। কিছুক্ষণ পরেই স্ত্রী লিখে ছবি পাঠিয়েছে। তিন তালাকের ছবি দেখার পরপরই স্বামী স্ত্রীকে বলেছে, ১ তালাকের পাশে সাইন করো। স্বামী এ কথা এ জন্যই বলেছে, যেন তিন তালাক তখনই কার্যকর না হয়; বরং স্ত্রী যদি শেষ পর্যন্ত সাইন করে, তাহলেই কার্যকর হয়। স্বামীর মনের নিয়ত এটাই ছিল। যদিও সাইন করার বিষয়টি স্ত্রী তিন তালাক লিখে দেওয়ার পরে স্বামী বলেছে। আর স্ত্রী এরপর সাইনও করেনি। দয়া করে জানাবেন, উপরোক্ত সব সুরতে কি তালাক হয়ে গেছে, নাকি কোনোভাবে একসঙ্গে থাকার সুযোগ আছে? বিনীত অনুরোধ, মাসআলাটি একটু গভীরভাবে পর্যালোচনা করবেন। অনেক ক্ষেত্রে প্রয়োজনের খাতিরে উলামায়ে কেরামের পরামর্শক্রমে ফতোয়ায় কিছুটা পরিবর্তন আসে। এ ক্ষেত্রে যদি ১% সম্ভাবনাও থাকে, দয়া করে আপনারা পরামর্শ করে একসঙ্গে থাকার সুযোগ করে দেবেন।
জাযাকুমুল্লাহ।
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের মূল অধিকার স্বামীর। তবে স্বামী স্ত্রীকে নিজের ওপর তালাক কার্যকর করার ক্ষমতা প্রদান করলে, স্ত্রী সেই ক্ষমতা অনুযায়ী নিজের ওপর তালাক কার্যকর করতে পারে; স্বামীকে তালাক দিতে পারে না।
অতএব: প্রশ্নোক্ত ঘটনায় স্বামী স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়ার পর স্ত্রী খাতায় শুধু ১ তালাক, ২ তালাক, ৩ তালাক লিখে স্বামীর কাছে ছবি পাঠিয়েছেন। কিন্তু তিনি নিজের ওপর তালাক কার্যকর করা বা তালাক গ্রহণ করার কোনো শব্দ লেখেননি। তাই কেবল উল্লিখিত শব্দগুলো লেখার মাধ্যমে স্ত্রী নিজের ওপর তালাক কার্যকর করেছেন এ কথা প্রমাণিত হয় না। সুতরাং বর্ণিত ঘটনা অনুযায়ী, স্ত্রীর ওই লেখার মাধ্যমে কোনো তালাক কার্যকর হয়নি।
উল্লেখ্য, স্ত্রী মূলত স্বামীকে তালাক দিতে পারে না। তবে স্বামী কর্তৃক তালাকের অধিকার অর্পিত হওয়ার কারণে স্ত্রী যদি এক তালাক, দুই তালাক বা তিন তালাক বলে, কিন্তু স্পষ্টভাবে তালাক গ্রহণ করলাম বা তালাক নিলাম কিংবা তালাক দিলাম এমন কোনো শব্দ উল্লেখ না করে, তাহলে তার বক্তব্যে তালাক গ্রহণ করার সম্ভাবনা ও অন্য অর্থের সম্ভাবনা উভয়ই বিদ্যমান থাকে। সুতরাং এ ক্ষেত্রে স্ত্রীর নিয়ত ধর্তব্য হবে। তিনি যদি উক্ত শব্দগুলো বলার সময় তালাক গ্রহণ বা নিজের ওপর কার্যকর করার নিয়ত করে থাকেন, তাহলে নিয়ত অনুযায়ী তালাক পতিত হবে। অন্যথায় তালাক পতিত হবে না।
الادلة الشرعية
الدر المختار (٤/٤٥٣/الازهر)
ولو قال طلاقك علي لم يقع
رد المحتار (٤/٤٥٣/الازهر)
اذا قال انا منك طالق يلغو
رد المحتار (٤/٤٥٣/الازهر)
وايضا فان قوله انا منك طالق فيه وصف الرجل بالطلاق صريحا فلا يقع لان الطلاق صفة للمراة
البحر الرائق: ٣/٥٤١/ المكتبة الاشرفية
وقيد باقتصاره على التخيير المطلق لأنه لو قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدة رجعية لأنه لما صرح بالطلاق فقد خيرها بين نفسها بتطليقة واحدة رجعية وبين ترك التطليقة وكذا في قوله: أمرك بيدك كذا في البدائع وهو مستفاد من قول المصنف آخر الباب اختاري تطليقة أو أمرك بيدك في تطليقة،
الموسوعة الفقهية (١٣/١١١)
ذهب الحنفية ، والشافعي في الجديد إلى أن التفويض تمليك للطلاق، وعلى هذا قال الحنفية بعدم صحة رجوع الزوج عنه ، وذلك لأن التمليك يتم بالملك وحده بلا توقف على القبول
الدر المختار ٤/٥٣/الازهر
(قال لها اختاري أو أمرك بيدك ينوي تفويض (الطلاق) لأنها كناية فلا يعملان بلا نية أو طلقي نفسك فلها أن تطلق في مجلس علمها به) مشافهة أو إخباراً
و الله اعلم بالصواب
বিনা তালাকে তালাক দিলাম বলার দ্বারা তালাকের বিধান
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা