আসসালামু আলাইকুম।আমার স্বামীর সঙ্গে আমি পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের সময় আমার বাবা-মা কিংবা আমার রক্তের সম্পর্কের কোনো আত্মীয় উপস্থিত ছিলেন না। সেখানে একজনকে উকিল বাবা সাজানো হয়েছিল এবং ৪–৫ জন সাক্ষী ছিলেন। ইসলামী নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

আমাদের সংসার অনেক ভালো চলছিল। কিন্তু একদিন আমার স্বামী আমাকে মারধর করেন। এরপর আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসি। সারাদিন তিনি আমাকে কোনো ফোন করেননি। এতে আমি প্রচণ্ড রাগ ও অভিমান করি। একপর্যায়ে আমি তাঁকে জোর করে বলি, আমি যা বলব, তিনি যেন সেটাই বলেন। এরপর আমি তাঁকে দিয়ে এক   বৈঠকে বলাই—

১. এক তালাক দিলাম।২. দুই তালাক দিলাম।৩. তিন তালাক দিলাম।

আমার স্বামী নিজের ইচ্ছায় বা মন থেকে আমাকে তালাক দিতে চাননি। আমি জোর করে যেভাবে বলতে বলেছি, তিনি শুধু সেভাবেই আমার কথার পুনরাবৃত্তি করেছেন।

আমরা দুজন দুজনকে এখনো অনেক ভালোবাসি। কেউ কাউকে হারাতে চাই না। কিন্তু এখন আমাদের মনে ভয়, ইসলামী শরিয়ত অনুযায়ী কি আমাদের তিন তালাক হয়ে গেছে? যেহেতু আমি জোর করে তাঁকে দিয়ে কথাগুলো বলিয়েছি এবং তাঁর নিজের পক্ষ থেকে তালাক দেওয়ার ইচ্ছা ছিল না, তাহলে কি আমাদের আবার একসঙ্গে সংসার করার কোনো সুযোগ আছে?

কুরআন-হাদিসের আলোকে এবং বিভিন্ন মাজহাবের নির্ভরযোগ্য আলেমদের মতামত অনুযায়ী বিষয়টি বুঝিয়ে বললে উপকৃত হব। দয়া করে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আমরা এক সাথে সংসার করতে চায় যদি ইহসান করেন আমাদের কোন একটা সুযোগ থাকে ফাকফোকর থাকে একটু সাহায‍্য করুন প্লিজ আমাদের সংসার করার প্রবল ইচ্ছা

কোন কাফফারা বা কিছুর মাধ্যমে যদি একটা সুযোগ থাকে 😭😭আমার পেটে বাবূ আছে

 

 

 

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামী শরিয়াহ মোতাবেক: হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য মত অনুযায়ী, স্বামী একই মজলিসে স্ত্রীকে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়। একসঙ্গে তিন তালাক দেওয়া শরিয়তসম্মত পদ্ধতি নয়; এটি গুনাহের কাজ। তবে গুনাহের কাজ হওয়ার কারণে তালাক অকার্যকর হয়ে যায় না।

অতএব, প্রশ্নে বর্ণিত বক্তব্য ও ঘটনাপ্রবাহ অনুযায়ী হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মত অনুসারে তিন তালাক পতিত হয়েছে। একসঙ্গে উচ্চারিত হওয়ার কারণে এগুলোকে এক তালাক গণ্য করা হবে না।  স্ত্রী স্বামীকে কথাগুলো বলতে বলেছিলেন এ কারণে তালাক অকার্যকর হবে না। সুতরাং শুধু স্ত্রীর পীড়াপীড়িকে তালাকের প্রতিবন্ধক মনে করার সুযোগ নেই।

তিন তালাক পতিত হলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে  একে অপরের জন্য চিরেতর হারাম হয়ে গেছে।এ অবস্থায় স্বামী শুধু رجوع (রুজু) করেও স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন না এবং নতুন করে বিবাহের আকদ করেও তাঁদের সংসার বৈধ হবে না।

তিন তালাকের বিধান :

১. স্বামী-স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যায়। তথা তালাকের পর থেকে তাদের পরস্পরের জন্য দেখা-সাক্ষাৎ, মেলা-মেশা তথা স্বামী-স্ত্রী সুলভ সকল যাবতীয় আচরণ নাজায়েয ও হারাম হয়ে যায়।

২. তখন স্ত্রীর ইদ্দত তথা তালাক পরবর্তী তিন মাসিক শেষ হওয়া পর্যন্ত, আর তালাকপ্রাপ্তা স্ত্রী অন্তঃসত্ত্বা তাঁর ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত। অর্থাৎ সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তাঁর ইদ্দত শেষ হবে। তাকে খোর-পোষ দেয়া এবং মোহর আদায় না করে থাকলে মোহর আদায় করা স্বামীর ওপর ওয়াজিব।

৩. যেহেতু তিন তালাক প্রদানকারী এখন আর এই স্ত্রীর স্বামী নন সেহেতু স্ত্রীর জন্য করণীয় হল, দ্রুত এই স্বামীর সংসার থেকে চলে যাওয়া৷ এরপর যদি অন্য কোথাও স্ত্রীর বিয়ে হয়, ঘর-সংসার হয়৷ সেই স্বামী কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয় কিংবা মারা যায় তখন দ্বিতীয় স্বামীর তালাক বা মৃত্যুজনিত ইদ্দত পালনের পর নতুনভাবে মোহর নির্ধারণ করে শরীয়ত সম্মত পন্থায় প্রথম স্বামীর কাছে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে৷ এ ছাড়া আর কোনো পথ নেই৷

তিন তালাকের পর এমন কোনো কাফফারা নেই, যা আদায় করলে তালাক বাতিল হয়ে যাবে বা আগের বিবাহ ফিরে আসবে। স্বামীকে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে; কিন্তু তওবার মাধ্যমে তালাকের কার্যকারিতা রহিত হয় না।

 

الأدلة الشرعية

 

سورة البقرة (٢٣٠)

      فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

  السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

      قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

      عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা