কোনো হিজড়া ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়ার দায়িত্ব কারা পালন করবেন? পুরুষ গোসল করাবে, নাকি মহিলা গোসল করাবে? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, যথাসাধ্য হিজড়াকে সকল বিধি-বিধানের ক্ষেত্রে পুরুষ অথবা মহিলার হুকুমের অন্তর্ভুক্ত করা হবে।অর্থাৎ, তার মধ্যে যদি পুরুষের নিদর্শন যেমন দাঁড়ি ওঠা, পুরুষাঙ্গ দিয়ে পেশাব করা, তার দ্বারা কোনো মহিলা গর্ভবতী হওয়া ইত্যাদি অধিক পাওয়া যায়, তাহলে তাকে পুরুষ গণ্য করা হবে। তখন পুরুষ লোক তাকে গোসল করাবে।আর যদি মহিলার আলামত বা নিদর্শন যেমন গর্ভবতী হওয়া, স্তন প্রকাশিত হওয়া, হায়েজ আসা অথবা স্ত্রীলিঙ্গ দ্বারা পেশাব করা ইত্যাদি অধিক পাওয়া যায়, তাহলে তাকে মহিলা গণ্য করা হবে এবং মহিলা তাকে গোসল করাবে।
আর যদি উভয় লিঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে প্রথমে যেখান থেকে পেশাব আসে, সেটাই গ্রহণযোগ্য হবে।তবে কোনোভাবেই যদি হিজড়াকে পুরুষ বা মহিলা নির্ণয় করা না যায়, তাহলে সে চার বছরের কম বয়সী হলে পুরুষ বা মহিলা যে কেউ তাকে গোসল করাতে পারবে। পক্ষান্তরে, যদি তার বয়স চারের অধিক হয়, তাহলে তাকে গোসল না দিয়ে তায়াম্মুম করাবে। এটাই বিশুদ্ধতম অভিমত।
সূত্র:রদ্দুল মুহতার, ২/২০১, ফাতাওয়া তাতারখানিয়া, ২/১৩৯, ফাতাওয়া দারুল উলূম, ৫/২৪৮, আহসানুল ফাতাওয়া, ৪/২২১।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল