মুহতারাম মুফতি সাহেব, ২০২২ সালে বাসার কাউকে না জানিয়ে ওয়ালি ছাড়া কাজী অফিসে বিবাহ করা হয়। পরবর্তীতে সহবাস হয় নাই এবং একসাথে থাকার সুযোগও হয় নাই। ২০২৬ সালে মেয়ে বিয়ে বাতিল করতে চায়। কারণ, ওয়ালি ছাড়া নাকি বিবাহ হয় না। আর যে বিয়ে বৈধ নয়, সেই বিয়ে বাতিল করাই ভালো। এক্ষেত্রে তালাকের বিষয়ে কোনো কথা হয় নাই। শুধু বিবাহ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটি মানসিকভাবে এ বিষয়টি অসুস্থ অনুভব করে যে, সে এমন একটি অবৈধ বিয়ে করেছে। এজন্য ছেলে কাজী অফিসের মাধ্যমে বিবাহ বাতিলের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ছেলে জানত না যে, তালাক হয়ে যাবে।
পরবর্তীতে কাজী একটি নীল কাগজে ছেলের একটি স্বাক্ষর নেয় এবং মেয়ের একটি স্বাক্ষর নেয়। নীল কাগজে কিছু লেখা ছিল না। ঘটনাটির এখনো ৩ মাস হয়নি। ছেলে জানে না যে, ওই কাগজটি কী কাগজ। ছেলে মেয়েকে কখনো মুখে তালাক শব্দ উচ্চারণ করে নাই। ছেলে জানতই না যে, ওই কাগজে স্বাক্ষর করলে কী হবে। ছেলের কখনো কোনো তালাকের মনোভাব ছিল না। মনোভাব ছিল পরে আবার বৈধভাবে মেয়েটিকে বিয়ে করবে। মনে বা মুখে কখনো তালাক বা এ ধরনের কোনো শব্দ উচ্চারণ হয় নাই।
পরবর্তীতে কাজী অফিসে যোগাযোগ করে জানা যায়, খোলা তালাক হয়েছে। ছেলে এবং মেয়ে দুজনই স্বাক্ষর করেছে। নিকাহনামার ১৮ নম্বর কলামে মেয়েকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে। নিকাহনামার ১৮ নম্বর কলাম এবং খোলার দুটি কাগজের ছবি আপনাদের WhatsApp-এ প্রেরণ করা হয়েছে। এছাড়া আর নাকি কোনো কাগজ নেই বলে কাজী অফিস থেকে জানানো হয়েছে।
এখন আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে কি তালাক হয়ে গেছে? কোনোভাবে কি আবার একসাথে থাকা যাবে মেয়ের সাথে? তালাক হলেও কয় তালাক হয়েছে? তারা কি এখনো বৈবাহিক সম্পর্কে আছে? এখন কি নতুনভাবে বিবাহ করতে হবে? বিবাহ করতে হলেও কত দিনের মধ্যে করতে হবে? পরবর্তীতে ইসলামের বিধান কী? এখন কী করতে হবে ছেলে-মেয়ের একসাথে থাকার জন্য?
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক।
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে খোলা তালাক বলা হয় কোনো কিছুর বিনিময়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে। আর খোলা তালাকের বিধান হচ্ছে, তা তালাকে বায়েন হিসেবে পতিত হয়। পরবর্তীতে তারা আবার বৈবাহিক সম্পর্কে জড়াতে চাইলে স্ত্রী তিন হায়েজ ইদ্দত পালন করে নতুন করে মহর নির্ধারণ করে শরয়ি সাক্ষীর উপস্থিতিতে বিবাহ নবায়ন করবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনাদের উভয়ের কাজির কাছে তালাক পতিত করার নিমিত্তে খোলা তালাকের ফরমে নীল কাগজে স্বামী-স্ত্রী উভয়ের স্বাক্ষর এবং পরবর্তীতে কাজি কর্তৃক সেই ফরম পূরণ করার দ্বারা খোলা তালাক হয়েছে, যা শরীয়তে তালাকে বায়েন হিসেবে ধর্তব্য। এখন আপনারা আবার একত্রে স্বামী-স্ত্রী হিসেবে একত্রিত হতে চাইলে স্ত্রী তালাকের ইদ্দত পালন-পরবর্তী নতুন মহর নির্ধারণ করে উভয়ে শরয়ি সাক্ষীর উপস্থিতিতে বিবাহ নবায়ন করে নেবেন।
الادلة الشرعية
سنن دار قطني: 4025
عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً
(الفتاوى الهندية-1/472-473)
إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا
(فتاوى قاضيخان على هامش الهندية-1/472)
رجل اكره بالضرب والحبس ان يكتب طلاق امرأته فلانة بنت فلان طالق لا تطلق امرأته لان الكتابة اقيمت مقام العبارة باعتبار الحاجة ولا حاجة ههنا
(الفتاوى الهندية-1/379، التاتارخانية-3/380)
رجل اكره بالضرب والحبس ان يكتب طلاق امرأته فلانة بنت فلان طالق لا تطلق امرأته لان الكتابة اقيمت مقام العبارة باعتبار الحاجة ولا حاجة ههنا
(الفتاوى الهندية-1/488)
إزَالَةُ مِلْكِ النِّكَاحِ بِبَدَلٍ بِلَفْظِ الْخُلْعِ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ وَقَدْ يَصِحُّ بِلَفْظِ الْبَيْعِ وَالشِّرَاءِ وَقَدْ يَكُونُ بِالْفَارِسِيَّةِ كَذَا فِي الظَّهِيرِيَّةِ ..... (وَحُكْمُهُ) وُقُوعُ الطَّلَاقِ الْبَائِنِ كَذَا فِي التَّبْيِين. وَتَصِحُّ نِيَّةُ الثَّلَاثِ فِيه . وَلَوْ تَزَوَّجَهَا مِرَارًا وَخَلَعَهَا فِي كُلِّ عَقْدٍ عِنْدَنَا لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا بَعْدَ الثَّلَاثِ قَبْلَ الزَّوْجِ الثَّانِي كَذَا فِي شَرْحِ الْجَامِعِ الصَّغِيرِ لِقَاضِي خَانْ
فتاوی قاسمیه: (٣٩٣/١٤)
و الله اعلم بالصواب
মুফতি মুহাম্মদ আবু সালেহ
সদস্য ও গবেষক, ফাতাওয়া ও মাসায়েল শরীয়াহ বোর্ড