ইসলামী আইন ও ফাতাওয়া সংকলনের ইতিহাস: কে, কখন ও কীভাবে সূচনা করেন?
প্রশ্ন: কে, কখন এবং কীভাবে ফাতাওয়া সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? বিস্তারিত জানালে উপকৃত হব।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর: ইসলামিক শরিয়াহ মোতাবেক, ফাতাওয়া সংকলনের ইতিহাস ইসলামের প্রথম যুগ থেকেই শুরু হয়। সাহাবায়ে কিরাম (রাযিয়াল্লাহু আনহুম) কুরআন ও সুন্নাহর আলোকে মানুষের বিভিন্ন মাসআলার সমাধান দিতেন। তবে ফিকহ ও ফাতাওয়াকে নিয়মতান্ত্রিকভাবে সংকলন ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব ইমাম আবু হানিফা নু'মান ইবন সাবিত (রহিমাহুল্লাহ)-এর।
তিনি কুফায় একটি ফিকহ ও ফাতাওয়া পরিষদ (শূরা) প্রতিষ্ঠা করেন। এতে প্রায় ৪০, ৫০ অথবা ৭০ জন বিশিষ্ট ফকীহ, মুহাদ্দিস, মুফতি ও মুজতাহিদ অন্তর্ভুক্ত ছিলেন। কোনো নতুন মাসআলা দেখা দিলে তাঁরা কুরআন, সুন্নাহ, ইজমা, সাহাবায়ে কিরামের ফতোয়া ও কিয়াসের আলোকে দীর্ঘ আলোচনা ও গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এরপর সেই সিদ্ধান্তগুলো সংরক্ষণ ও লিপিবদ্ধ করা হতো। এভাবেই ইসলামী ফিকহ ও ফাতাওয়া সংকলনের সুসংগঠিত ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীকালে বিভিন্ন যুগে উলামায়ে কিরাম অসংখ্য ফাতাওয়ার গ্রন্থ রচনা করেন। এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা (ফাতাওয়ায়ে আলমগীরী)। হিজরি একাদশ শতকে মুঘল সম্রাট আবুল মুযাফফর মুহিউদ্দীন মুহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর (রহিমাহুল্লাহ) সিংহাসনে আরোহণের চার বছর পর একটি পূর্ণাঙ্গ ও প্রামাণ্য ফাতাওয়া গ্রন্থ প্রণয়নের নির্দেশ দেন। শাইখ নিজামুদ্দীন বুরহানপুরী (রহিমাহুল্লাহ)-এর সভাপতিত্বে ভারতবর্ষের শীর্ষস্থানীয় আলেম ও মুফতিদের সমন্বয়ে প্রায় আট বছরের নিরলস পরিশ্রমে ফাতাওয়ায়ে আলমগীরী সংকলিত হয়।
এরপর উসমানী খেলাফতের সময় ১৮৬৯ সালে সাআদত পাশা-এর নেতৃত্বে একটি কমিটি ইসলামী দেওয়ানি আইন সংকলন করে, যার নাম مجلة الأحكام العدلية (মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ)। পরে ১৯১৭ সালে حقوق العائلةনামে বিবাহ ও তালাকবিষয়ক আইন সংকলিত হয়।
মিসরে ১৯১৫ সালে চার মাযহাবের আলেমদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়। দীর্ঘ ছয় বছরের গবেষণার পর الأحكام الشرعية في الأحوال الشخصيةনামে ব্যক্তি-সম্পর্কিত ইসলামী আইনের সংকলন প্রকাশিত হয়।
এরপর বিভিন্ন মুসলিম দেশে ইসলামী পারিবারিক আইন সংকলিত হয়। যেমন—
সিরিয়া (১৯৫৩): قانون الأحوال الشخصية
তিউনিশিয়া: مجلة الأحوال الشخصية
ইরাক (১৯৫৯): لائحة الأحوال الشخصية
মরক্কো: مدونة الأحوال الشخصية
জর্ডান: قانون حقوق العائلة الأردني
সিঙ্গাপুর (১৯৫৭): মুসলিম অর্ডিন্যান্স জারি করে শরিয়তসম্মত আদালত প্রতিষ্ঠা করা হয়।
১৯৬১ সালে পাকিস্তানে ফিল্ড মার্শাল মুহাম্মদ আইয়ুব খান পারিবারিক আইন অর্ডিন্যান্স জারি করেন। তবে এতে শরিয়তের পরিপন্থী একাধিক ধারা থাকায় হক্কানি উলামায়ে কিরাম তা গ্রহণ করেননি; বরং এর সংশোধনের দাবি জানান।
সারকথা: ফাতাওয়া সংকলনের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন ইমাম আবু হানিফা নু'মান ইবন সাবিত (রহিমাহুল্লাহ)। এরপর যুগে যুগে মুসলিম শাসক ও উলামায়ে কিরাম ফিকহ ও ফাতাওয়ার বহু গুরুত্বপূর্ণ সংকলন রচনা করেছেন, যা আজও ইসলামী আইনশাস্ত্রের নির্ভরযোগ্য সম্পদ হিসেবে সমাদৃত।
মুফতী মনসুরুল হক হাফিঃ
প্রধান মুফতি ও শাইখুল হাদীস ,জামিয়া রাহমানিয়া ঢাকা