প্রশ্ন: :বিবাহ অনুষ্ঠানে সুসজ্জিত গেইট নির্মাণ করে বরপক্ষের লোকজনের সেখান দিয়ে প্রবেশকালে তাদের নিকট থেকে টাকা আদায় করা জায়িয কি? আর যদি টাকা আদায়ের উদ্দেশ্য না থাকে; বরং কেবল বরপক্ষকে সম্মান প্রদর্শনের জন্য গেইট নির্মাণ করা হয়, তাহলে তার হুকুম কী?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বিবাহ উপলক্ষে গেইট নির্মাণ করে বরপক্ষ বা অন্য কোনো অতিথির নিকট থেকে জোরপূর্বক, সামাজিক চাপ সৃষ্টি করে বা প্রথার নামে টাকা আদায় করা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। কারণ, কোনো মুসলমানের সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ব্যতীত গ্রহণ করা বৈধ নয়।
তদ্রূপ, টাকা আদায় না করলেও শুধুমাত্র লোক দেখানো, আড়ম্বর প্রকাশ, সামাজিক প্রতিযোগিতা বা বিজাতীয় সংস্কৃতির অনুসরণে ব্যয়বহুল গেইট নির্মাণ করাও শরীয়তসম্মত নয়। কেননা এতে অপ্রয়োজনীয় অর্থব্যয় ও অপচয় রয়েছে, অথচ ইসলাম অপচয় ও বাহুল্য ব্যয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
তবে যদি কোনো প্রকার অপচয়, অহংকার, লোকদেখানো বা কু-প্রথার অনুসরণ না থাকে এবং সাধারণভাবে আগত অতিথিদের পথনির্দেশ বা স্বাগত জানানোর জন্য সাময়িক ও স্বল্পব্যয়ী কোনো ব্যবস্থা করা হয়, তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু সমাজে প্রচলিত জাঁকজমকপূর্ণ বিবাহ-গেইট, বিশেষত অর্থ আদায়ের উদ্দেশ্যে নির্মিত গেইট, শরীয়তের দৃষ্টিতে পরিত্যাজ্য কু-প্রথা।
অতএব, বিবাহে গেইট নির্মাণ করে অর্থ আদায় করা হারাম। আর অর্থ আদায় না করলেও যদি তা অপচয়, অহংকার, লোকদেখানো বা বিজাতীয় প্রথার অনুসরণ হয়, তাহলে সেটিও নাজায়িয ও বর্জনীয়।
আরো পড়ুন::হিল্লা বিয়ের পর প্রথম স্বামী কি হালাল হয়?
الأدلة الشرعية
السنن الكبرى للبيهقي، رقم الحديث: ١١٦٦١، ج ٦، ص ١٠٠.
قال رسول الله ﷺ:لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ»
سورة الإسراء، الآيتان: ٢٦-٢٧.
وقال الله تعالى:﴿وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ﴾
سورة الأنعام، الآية: ١٤١.
وقال الله تعالى:﴿وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ﴾
سنن أبي داود، رقم الحديث: ٤٠٣١.
وقال رسول الله ﷺ:مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল