অনেক মসজিদে দেখা যায়, মুরব্বিদের জন্য কিংবা কোনো নেতা এলে তাঁর জন্য চেয়ার রেখে নির্দিষ্ট স্থান সংরক্ষণ করা হয়। সেখানে অন্য কেউ বসতে পারে না। কেউ বসলে তাকে ধমক দিয়ে উঠিয়ে দেওয়া হয়। জানার বিষয় হলো, এভাবে মসজিদে কারও জন্য নির্দিষ্ট স্থান সংরক্ষণ করা শরিয়তসম্মত কি না? কারণসহ বিস্তারিত জানতে চাই।

নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিকোণ থেকে মসজিদ একমাত্র আল্লাহর ঘর। এখানে সর্বাবস্থায় সব মুসল্লির অধিকার সমান। তাই মসজিদের কোনো স্থানকে নিজের ইবাদতের জন্য নির্দিষ্ট করে রাখার অনুমতি নেই।

সুতরাং মসজিদের কোনো স্থান চেয়ার বা অন্য কোনো উপায়ে নিজের জন্য সংরক্ষণ করা এবং সেখানে অন্য কেউ বসলে তাকে উঠিয়ে দেওয়া সম্পূর্ণ শরিয়তবিরোধী কাজ। মসজিদ হলো আল্লাহর ইবাদত ও দাসত্ব প্রকাশের জায়গা; প্রভাব-প্রতিপত্তি প্রদর্শনের স্থান নয়। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা জরুরি।

তবে কেউ প্রথমে কোনো স্থানে বসার পর বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে উঠে যেতে চাইলে নিজের জায়গা চিহ্নিত করে রাখতে কোনো অসুবিধা নেই।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১০৮, যাকারিয়া ফাতহুল কাদীর, ১/৪৩৫, যাকারিয়া ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৪/৬২৬


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল