আমি মো: আ: রশিদ। আমার স্ত্রীর নাম মোছা: সোনিয়া আক্তার। আমাদের একটি ৫ বছরের কন্যা সন্তান আছে। আমাদের দাম্পত্য জীবন প্রায় ৭ বছর।

পারিবারিক কারণে গত প্রায় ৮ মাস ধরে আমার স্ত্রী তার  বাড়িতে অবস্থান করছে। এই সময়ের মধ্যে আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য ও ঝগড়া হয়েছে।

প্রায় ২০২৩ সালে (সঠিক তারিখ মনে নেই), আমি আমার স্ত্রীকে একবার ১ তালাক প্রদান করেছিলাম। পরবর্তীতে আমরা আবার স্বাভাবিকভাবে একসাথে সংসার করেছি। আমার স্ত্রীর দাবি যে, তখন নাকি ২ তালাক হয়েছিল; কিন্তু আমার নিশ্চিতভাবে মনে আছে আমি শুধুমাত্র ১ তালাকই দিয়েছিলাম।

গত ২৭-০৩-২০২৬ তারিখে আমি আমার স্ত্রীর কাছ থেকে ঢাকায় চলে আসি ব্যবসার উদ্দেশ্যে। ঢাকায় আসার পর প্রথম দিন স্বাভাবিকভাবে কথা হয়। এরপর কয়েকদিন যোগাযোগ কমে যায়। পরে ফোনে কথা বলতে গিয়ে আমাদের মাঝে তীব্র ঝগড়া হয়।

ঐ সময় আমি প্রচণ্ড রাগান্বিত ছিলাম। আমার একটি সমস্যা হলো—রাগের সময় আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং কী বলি তা পরে আমার মনে থাকে না। এই বিষয়টি আমার স্ত্রীও জানে।

উক্ত ফোনালাপের সময় আমি “তালাক” শব্দ উচ্চারণ করেছি কিনা—এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছুই মনে করতে পারছি না। আমি নিজে থেকে নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমি তালাক দিয়েছি।

তবে আমার স্ত্রীর পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, আমি নাকি “৩ তালাক” দিয়েছি। কিন্তু আমি নিজে এ বিষয়ে নিশ্চিত নই এবং আমার স্মরণেও নেই।

আমি ইচ্ছাকৃতভাবে, সুস্থ ও সচেতন অবস্থায় তালাক দেওয়ার নিয়ত করিনি।

 

আমার প্রশ্নসমূহ হলো:

১। ২০২৩ সালের ঘটনায় কত তালাক গণ্য হবে?

২। বর্তমান অবস্থায় (যেখানে আমি নিশ্চিত নই) তালাক সংঘটিত হয়েছে কি না?

৩। মোট তালাকের সংখ্যা শরীয়ত অনুযায়ী কত ধরা হবে?

৪। এই পরিস্থিতিতে আমার করণীয় কী?

 

আমি সত্য গোপন করতে চাই না এবং শরীয়তের সঠিক হুকুম জানতে আগ্রহী।

 

বিনীত

মো: আ: রশিদ

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب


    ইসলামী বিধান মতে প্রচন্ড রাগান্বিত অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে এমতাবস্থায় তালাক দিলে তালাক পতিত হয় না

    সুতরাং উল্লেখিত নীতিমালা অনুযায়ী প্রচন্ড  রাগান্বিত অবস্থায় বাস্তবেই যদি আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে থাকেন তাহলে উক্ত তালাক যা পতিত করার সময় অতি রাগান্বিত হয়ে যাওয়ার কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার দরুন বর্ণিত তালাক পতিত হয়নি বরং  অকার্যকর হিসেবে গণ্য হবে।

আর মৌলিকভাবে তালাকের মালিক স্বামী বিধায় তালাকের সংখ্যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি মতানৈক্য তৈরি হয় তাহলে সে ক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হয় সুতরাং বর্ণিত তালাকের ক্ষেত্রে যদিও স্ত্রী বলছেন আপনি দুই তালাক বলেছেন কিন্তু আপনার মতামত যেহেতু এক তালাকের পক্ষে বিধায় ২০২৩ সালের ঘঠনায় এক তালাকই পতিত হয়েছে বলে গণ্য হবে।

উল্লেখ্য : রাগান্বিত অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার অর্থ হল পরবর্তী কর্ম সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তির কোন ধরনের জ্ঞান না থাকা সুতরাং আপনার অবস্থা যদি এমন হয়েই থাকে তাহলে তালাক পতিত হয়নি।

আর যদি এমন না হয় বরং রাগান্বিত হওয়ার সময় উচ্চারিত তালাক সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকে তাহলে  তালাক পতিত হয়ে একজন  ওপর জনের  জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গেছেন  ।

আর তালাকের সর্বোচ্চ  সংখ্যা যেহেতু তিন তাই  তিন তালাক ই গণ্য হবে এবং স্থান অবশিষ্ট না থাকার কারণে এক তালাক অকার্যকরী হিসেবে গণ্য হবে।

তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল

উক্ত তালাকপ্রাপ্তা  ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে  স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে প্রথম স্বামীর সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

    قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

    عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

الدر المختار ٤/٤٣٦

     لايقع طلاق المولى على امراة عبده ٠٠٠٠٠٠٠ والمدهوش

رد المحتار ٤/٤٣٩

    وللحافظ ابن القيم الحنبلي رسالة فى طلاق الغضبان قال فيهاانه على ثلاثة اقسام : احدها : ان يحصل له مبادئ الغضب بحيث لا يتغير عقله ويعلم  ما يقول  وهذا لا اشكال فيه

الثاني :  يبلغ النهايةفلا يعلم ما يقول ولا يريده  هذا لا ريب  انه لا ينفذ شيء من اقواله

 سنن أبي داود}٢١٩٣{

     لَا طَلَاقَ فِي إِغْلَاقٍ

سنن ابن ماجه: }٢٠٤٦ {

      لَا طَلَاقَ وَلَا عِتَاقَ فِي إِغْلَاقٍ

سنن أبي داود: }٢١٩٤ /سنن الترمذي: ١١٨٤{

      ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ»

سنن أبي داود:} ٤٤٠٣{

      رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثٍ: عَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ

سنن ابن ماجه}: ٢٠٤٥{

      إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»

و الله اعلم بالصواب

 

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফতোয়া বিভাগ,মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল