রমযান শুরু হওয়া যেহেতু চাঁদ দেখা ও প্রমাণিত হওয়ার ওপর নির্ভরশীল, তাই মুসলমানদের জন্য রমযানের চাঁদ অন্বেষণ করা গুরুত্বপূর্ণ একটি আমল। হাদীস ও ফিকহের কিতাবে রমযানের চাঁদ অন্বেষণের ব্যাপারে অনেক গুরুত্ব এসেছে। রমযানের চাঁদ অন্বেষণের জন্য শাবান মাসের তারিখ গণনা ও হিসাব রাখার তাকীদ এসেছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম চাঁদ অন্বেষণের ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। হাদীস শরীফে এসেছে

أَحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ.

রমযানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখ। সুনানে দারাকুতনী, হাদীস ২১৭৪; জামে তিরমিযী, হাদীস ৬৮৭


 শাবানের ২৯ তারিখে চাঁদ দেখা প্রমাণিত হলেই রমযানের রোযা শুরু হবে। নতুবা শাবানের ৩০ দিন পূর্ণ করার পর রোযা শুরু হবে। অর্থাৎ আকাশ পরিষ্কার না থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে রমযানের রোযা রাখা শুরু হবে। এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান বা অন্য কোনো উপায়ে চাঁদ দেখার সমূহ সম্ভাবনা থাকলেও বাস্তবে চাঁদ দেখা না গেলে ঐ দিন রোযা শুরু হবে না। হাদীস শরীফে ইরশাদ হয়েছে

لا تَصُومُوا حَتى تَرَوُا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَه.

তোমরা (রমযানের) চাঁদ দেখার আগে রোযা শুরু করো না এবং (ঈদের) চাঁদ দেখার আগে রোযা ছেড়ো না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় (এবং চাঁদ দেখা না যায়), তাহলে মাসের ত্রিশ দিন পূর্ণ করবে। সহীহ বুখারী, হাদীস ১৯০৬


শাবান মাসের ২৯ ও ৩০তম দিন রোযা রাখবে না, রমযানের নিয়তেও না, নফলের নিয়তেও না। অবশ্য যে ব্যক্তি আগ থেকেই কোনো নির্দিষ্ট দিনে নফল রোযা রেখে আসছে এবং ঘটনাক্রমে ২৯ ও ৩০ তারিখে ওই দিন পড়েছে, তার জন্য এই তারিখেও নফল রোযা রাখা জায়েয।

হাদীস শরীফে আছেু

لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلَّا أَنْ يَكُوْنَ رَجُلٌ كَانَ يَصُوْمُ صَوْمَه، فَلْيَصُمْ ذلِكَ الْيَوْمَ.

তোমাদের কেউ যেন রমযান মাসের এক দিন বা দুই দিন আগে থেকে রোযা না রাখে। তবে কারো যদি আগে থেকেই কোনো নির্দিষ্ট দিন রোযা রাখার অভ্যাস থাকে এবং ঘটনাক্রমে সে দিনটি ২৯ ও ৩০ শাবান হয়, তাহলে সে ওই দিন রোযা রাখতে পারে। সহীহ বুখারী, হাদীস ১৯১৪; জামে তিরমিযী, হাদীস ৬৮৪; ইলাউস সুনান ৯/১২৪


মাসিক আলকাউসার



মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

তাখাসুস্স ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

সম্মানিত মুফতি ও সদস্য, ফতোয়া বোর্ডফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা