মুহতারাম মুফতি সাহেব, আমার বিবাহ হয় ১২ সালে। যেকোনো কারনে আমি নিজেই কাজী অফিস থেকে কাজীকে দিয়ে তালাকের নোটিশ পাঠাই। খোলা নাকি তাফয়ীয তা আমি জানিনা। কারণ তালাকের বিষয় এতো জ্ঞান ছিলো না আমার।

তো আমার স্বামী তালাকের নোটিশ কোনো মাধ্যমেই আমাকে ফেরত পাঠায়নি। তাই আমি ভেবেছি যে আমাদের তালাক হয়ে গেছে। তার ৪/৫ বছর পরে সে অন্য অন্যত্র বিয়ে করে।

আমিও তালাকের নোটিশ দেওয়ার ৯ বছর পর অন্যত্র বিয়ে করি ও তার সঙ্গেই আছি এখন। আমি এখানে হালাল মনে করে সংসার করেছিলাম ও এখন ২ সন্তানের মা।

কিন্তু পূর্বের স্বামী আমার আত্মীয় স্বজনের সাথে দেখা হলে বলছে যে সে তালাকনামায় স্বাক্ষর করেনি। স্বাক্ষরের ব্যাপার আগেও শুনলেও তেমন আমলে নেইনি আমি। যেহেতু এই সম্পর্কে আমার জ্ঞান ছিলো না। আর যে কাজির মাধ্যমে বিয়ে হয় তিনি মারা যাওয়ায় কাবিননামার ১৮ নং কলামের ব্যাপারে কিছুই জানতে পারিনি। কাবিনটা খুজার চেষ্টা করেছি কিন্তু পাইনি এবং যে কাজি অফিস থেকে তালাক দেওয়া হয় তার ঠিকানা ও অফিস এখন নেই।

আমি কয়েকজন মুফতি সাহেব থেকে জানতে পারি আমার তালাক হয়নি এবং মুফতি সাহেব বলেন যেভাবে হোক তালাক নিতে। তাই আমি একজন লোক দিয়ে তাকে মৌখিক তালাক দিতে বললে এবং আগে তালাকনামায় সাক্ষরের কথা জিজ্ঞাসা করলে সে বলে যে আমি তালাকনামাতে সাইন করে দিয়েছিলাম।

ও অন্যদের সঙ্গে মজা/শয়তানি করে বলেছি সাইন করিনি।

তারপর আমার বর্তমান স্বামী এবং আমার এক মামা তার এক আত্মীয়ের সাথে যোগাযোগ করে তাকে দিয়েই আমার ১ম স্বামীর সাথে এই ব্যাপারে ফোনে কথা বললে তাকেও ৩/৪ জনের সামনে বলে আমি তালাক নামায় সই করেছি এবং অন্যদের কাছে শয়তানি করে বলছি সই করিনি।

যেহেতু সে নিজের মুখেই আগে বলেছে সই করিনি আর পরে বলেছে সই করেছি তাই কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কেউই জানিনা।

এই জন্য পরে তাকে অনুরোধ করা হয় যে আগে যা করার করেছিস। কোনটা সত্যি কোনটা মিথ্যা তুই জানিস। তাই এখন মুখে বলে দে যে আমি অমুক কে তালাক দিলাম এটা ৩ বার বল। এবং সে নাম উচ্চারন না করেই বলে আচ্ছা তালাক দিলাম। তাকে আবার বলা হলো তুই বল অমুক কে (আমার নাম) কে তালাক দিলাম এটা ৩ বার বল। সে বলল ”তালাক দিলাম,তালাক দিলাম, তালাক দিলাম"

 

 

 

উল্লেখ্য যে, সে বলছে যে এটা মন থেকে দিচ্ছে না কিন্তু মুখে ষ্পষ্ট উচ্চারণ করছে ও বলছে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। এভাবে যখন সে মৌখিক ৩ তালাক দেয় তখন আমি ২য় স্বামীর সংসারে প্রেগন্যান্ট ছিলাম। ১৫/২০ দিন পরেই আমার সন্তান প্রসব হয়।

তালাকের পরে এবং বাচ্চা হবার আগে ২য় স্বামীর সাথে একবার সহবাস হয়।

বাচ্চা হবার পরে নেফাস শেষ হয়ে যাবার পর অর্থাৎ ৪৫ দিন অতিবাহিত হবার পরে ২য় স্বামীর সাথে আবারও সহবাস করেছি। তাই একটি ইমার্জেন্সি পিল খাই এবং পরবর্তীতে আর কোন পিল না খাওয়ায় ১৩ দিনের মাথায় আবার মাসিক হয়।

এবার প্রশ্ন হলো:

১. যেহেতু সে পূর্বে ৯/১০ বছর আগে দেওয়া তালাকের কথা স্বীকার করেছে যে আমি সাইন করেছি এবং আগে  শয়তানি করে বলেছি যে সাইন করিনি। তাহলে সাইন না করেও তার স্বীকারোক্তি দ্বারা আইনের দৃষ্টিতে কি সেই সময় (১০বছর পূর্বে) থেকেই তালাক গণ্য হবে? এবং তার পরের ইদ্দতের মাধ্যমে কি পূর্ণ মুক্ত হয়ে গিয়েছিলাম?

 

২. ১০ বছর আগের তালাক যদি না হয়ে থাকে তবে কিছু দিন আগে যে মৌখিক ৩ তালাক দিয়েছে সেটি কি কার্যকর হয়েছে?

 

৩. মৌখিক তালাক কার্যকর হলে সন্তান প্রসবের সাথে সাথেই কি ইদ্দত শেষ হয়ে গিয়েছে? নাকি একবার সহবাস এর কারণে ইদ্দত নষ্ট হয়ে গেছে?

 

৪. আর দ্বিতীয় বিবাহ কি আবার নবায়ন করা আবশ্যক হবে?

 

৫. যদি পরবর্তী বিবাহ নবায়ন করা আবশ্যক হয় তবে এখন যদি পরবর্তী ১৫ দিন পরে আবার ঔষধ খেয়ে মাসিক হয় এবং এভাবেই ১৫ দিন গ্যাপ দিয়ে দিয়ে দেড় মাসে ৩ মাসিক হয় এবং এর মধ্যে সহবাস না করা হয় তবে কি ইদ্দত পরিপূর্ণ হবে?

 

বি:দ্র: যেহেতু আমি একটা সংসারে আছি আর এটা টিকিয়ে রাখা জরুরী তাই স্বামীর থেকে বা সংসার ছেড়ে  বেশিদিন দূরে থাকা সম্ভব নয়। এমতাবস্থায় যদি ইদ্দত পালন করতে হয় তবে ইদ্দতের সহজ উপায় এবং দ্রুত ইদ্দত পালন করার কোন উপায় থাকে সেটা আমাকে বললে তবে বেশি উপকৃত হই।

 

নিবেদক,

                                                                                          নাম প্রকাশে অনিচ্ছুক

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

ইসলামী বিধান মতে তালাকের মালিক একমাত্র স্বামীর। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে মৌখিকভাবে বা কাবিননামার ১৮ নং ধারায় লিখিতভাবে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকলে স্ত্রী তালাকের মালিক হিসেবে গণ্য হয় এবং উক্ত অধিকার মৌখিক বাল লিখিতভাবে কার্যকর করে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে।

এমনিভাবে স্ত্রী যদি স্বামীর কাছে তালাকের আবেদন করে লেটার পাঠায় আর স্বামী স্বাক্ষর করে তাহলেও তালাক পতিত হয়ে যায়।

 

সুতরাং প্রশ্নের বর্ণনা মতে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কাবিননামার ১৮ নং ধারায় স্বামী কর্তৃক আপনাকে তালাকের অধিকার দেওয়া থাকলে ডিভোর্স লেটার পাঠানোর দ্বারাই প্রাপ্ত অধিকার কার্যকর করার মাধ্যমে আপনার উপর তালাক পতিত হয়ে গেছে।

দুইটি কারণে এমনটি হওয়াই স্বাভাবিক:

(১) কাজী যেহেতু রাষ্ট্র পক্ষ থেকে নির্ধারিত তাই আইনের আনুগত্য স্বরূপ সাধারণত রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে ১৮ নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে।

(২) জাহির বা বাহ্যিক অবস্থা একথারই পক্ষপাতিত্ব করে তাকে।

 

সুতরাং উক্ত দলিলের ভিত্তিতে আপনার জন্য স্বামী কর্তৃক তালাকের অধিকার অর্জিত হওয়ার সুযোগ রয়েছে। আর একারণে বলা যায় ডিভোর্স লেটার পাঠানোর দ্বারা আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে। বিধায় আপনার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হওয়ার কারণে সংসার ও সন্তান বৈধ আছে। অথবা স্বামী ডিভোর্স লেটারে স্বাক্ষর করার মাধ্যমে তালাক কার্যকর হয়ে গেছে, কেননা স্বামী তালাকের মালিক আর যেহেতু তার অধিকার রহিত করার ক্ষেত্রে সে স্বীকারোক্তি দিচ্ছে বিধায় সেটাই ধর্তব্য।

দ্বিতীয়ত: জাহির বা বাহ্যিক পরিস্থিতি এমনটাই দাবি করে। আর কোন দাবি যদি বাহ্যিক পরিস্থিতির অনুকূলে হয় তাহলে সেটাই গ্রহণযোগ্য হয়। অতএব যেহেতু স্বামী তার অধিকার রহিত করার ক্ষেত্রে সে মানুষের সামনে সাক্ষ্য দিয়েছে যে সে ডিভোর্স লেটারে স্বাক্ষর করেছে বিধায় তার একথা ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হওয়ার ভিত্তিতে আপনাদের ডিভোর্স তখনই কার্যকর হয়ে গেছে। আর যেহেতু দীর্ঘদিন পরে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছেন তাই ইদ্দত পরিপূর্ণ হওয়ার কারণে দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়েছে।

 

উল্লেখ্য, বর্ণিত সুরত অনুযায়ী দশ বছর পূর্বে তালাক যদি কার্যকর না হয়ে থাকে তাহলেও পরবর্তীতে স্বামীর পক্ষ থেকে মৌখিকভাবে তালাক বলায় তাতে তালাক কার্যকর হয়েছে হিসেবে গণ্য করা হবে।

আর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে, আপনার স্বামী মৌখিক তালাক দেওয়ার সময় যেহেতু আপনি গর্ভবতী ছিলেন তাই সন্তান জন্মের সাথে সাথে আপনার ইদ্দত পরিপূর্ণ হয়ে গেছে।

 

 

الادلة الشرعية  


 

(صحيح البخاري: 6664، صحيح مسلم: 127)

قال رسول الله ﷺ: «إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَتَكَلَّمْ بِهِ أَوْ تَعْمَلْ

 

الفتاوى الهنديه (١/٣٨٨)

               وان كانت التفويض مقرونا بذكر الطلاق بان قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدةرجعية

الهدايه (٢/٣٨٥)

               واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

 

 

الهندية(١/٤٧٠)

               واذا طلق الرجل امراته تطليقة رجعية او تطليقتين فله ان يراجعها في عدته

 

 

و الله اعلم بالصواب



উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোর্ড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা