সুদী ব্যাংকে চাকরির আবেদন ফরম পূরণ করার হুকুম
প্রশ্ন : আমি একটি ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকান দিয়েছি। এতে আমি নির্দিষ্ট টাকার বিনিময়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন চাকরির আবেদন ফরম পূরণ করে দিই। আমার জন্য কি কোনো সুদী ব্যাংকে চাকরির আবেদন ফরম পূরণ করা জায়েয হবে?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর : প্রচলিত ধারার ব্যাংকে চাকরি করা নাজায়েয। কেননা এ ব্যাংকগুলোর প্রধান ও মূল কাজই হলো সুদের আদান-প্রদান। সুতরাং ব্যাংকের চাকরির জন্য আবেদন ফরম পূরণ করে দেওয়া নাজায়েয কাজে সহযোগিতা করার অন্তর্ভুক্ত। কুরআন মাজীদে আল্লাহ তাআলা গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেছেন-
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی ۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ ۪ .
‘এবং নেকি ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা কর এবং গুনাহের কাজ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা (৫) : ২]
অতএব সুদী ব্যাংকে চাকরির আবেদন ফরম পূরণ করে দেওয়া বৈধ হবে না।
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল