ব্যাংকের বেতন দিয়ে গড়া জায়গা-জমি ব্যবহারের বৈধ উপায়
প্রশ্ন: এক ব্যক্তি একটি বিদেশী ব্যাংকে চাকরি নেন। ঐ চাকরি অবস্থায় তিনি বেতনের টাকা দিয়ে জায়গা-জমি খরিদ করেন, বাড়ি-ঘর নির্মাণ করেন। নিজের ভাই-বোনকেও সেসকল জায়গা-জমিতে অংশীদার করেন। তাদের বিয়ে-শাদীতেও খরচ করেন। মা-বাবার অনেক খেদমত করেন। এখন তার ব্যাপারে শরীয়তের হুকুম কী? কীভাবে তিনি আখেরাতে মুক্তি পেতে পারেন? আর যারা তার দান গ্রহণ করেছেন বিশেষ করে ভাই-বোন তাদের এখন করণীয় কী? তাদের দায়মুক্ত ও বৈধ অধিকারী হওয়ারই বা কী উপায়?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর: প্রশ্নোক্ত ব্যক্তিকে এখন দুটি কাজ করতে হবে। এক. সুদি ব্যাংকে চাকরি করা এবং এর বেতন-ভাতা ভোগ করার জন্য খালেস মনে আল্লাহ তাআলার কাছে তাওবা-ইসতেগফার করতে হবে। দুই. ব্যাংকের বেতন-ভাতা দিয়ে যে জমি-বাড়ি করেছেন তা থেকে বৈধভাবে উপকৃত হতে চাইলে মূল টাকা সদকা করে দিতে হবে। এক্ষেত্রে পুরো টাকা একত্রে সদকা করা সম্ভব না হলে তিনি বা তার ওয়ারিশরা ধীরে ধীরে অল্প অল্প করে তা আদায় করবেন। অনুরূপ যারা তার থেকে দান-সহায়তা নিয়ে স্থায়ী সম্পদ গড়েছেন তারা ঐ সম্পত্তি থেকে বৈধভাবে উপকৃত হতে চাইলে এর মূল্য সমপরিমাণ টাকা সদকা করে দিবেন। আর যে পরিমাণ টাকা ভোগ করেছেন অনুমান করে সে পরিমাণ টাকাও সদকা করে দেওয়ার চেষ্টা করবেন।
[ফাতাওয়া বায্যাযিয়াহ ৬/২৬০; আলবাহরুর রায়েক ৮/২০১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৯]
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল