মুহতারাম মুফতি সাহেব, ফাতওয়া বোর্ড থেকে বিয়ের ব্যাপারে খুবই জারুরি ভিত্তিতে ফাতওয়া দরকার।
প্রেক্ষাপটঃ আমাদের বিয়ের আগে সম্পর্ক ছিল। কিন্তু বাসা থেকে বিশেষ করে স্ত্রীর বাসা থেকে রাজি ছিলনা। তারা একটা শর্ত দেয়। কিন্তু উক্ত শর্তে স্বামী রাজি হয়নি। রাজি না হলে তারা বিয়ে দিবেনা এমন বলেছিল। কিন্তু আগে থেকে সম্পর্ক থাকার কারনে আমরা যিনা নিয়ে ভয় করতাম বিশেষকরে স্ত্রী অনেক বেশি শারীরিক চাহিদা অনুভব করত, পছন্দের মানুষ কে না পাওয়ার কষ্টে অনেক কান্নাকাটি করত আর সহ্য করা সম্ভব না ভেবে, শেষে কোন পরিবারকে না জানিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলে (ইস্তিখারার পর)। এখানে আরও কিছু কারন ছিল কিন্তু একটা বড় কারন ছিল গুনাহ থেকে বাঁচা আর পছন্দের মানুষকে হারিয়ে না ফেলে সেই ভয়। বিয়ের আগে আমাদের জানা ছিল যে মেয়ের ওয়ালী ছাড়া বিয়ে অথবা গোপনে বিয়ে হানাফি ছাড়া অন্য কোন মাযহাবে হয় না। স্ত্রী স্বাধারণত আকীদাগত ভাবে সালাফি কিন্তু মাসআলা নিয়ে হানাফি/সালাফি মিক্সড করে পালন করে। মানে যখন যাদের ফাতওয়া যৌক্তিক মনে হয় সাধারণত সেটাই মানে, হোক সেটা হানাফি বা সালাফি। স্বামীও কিছুটা এরকমই।
বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র নিজের করার জন্যই যে স্ত্রী হানাফি মাসআলা নিয়েছে এমন না, এই বিষয়ে হাদিসটার ব্যাখ্যা সহ হানাফিদের এমন মতের বিস্তারিত কারণ পড়ে স্ত্রীর মনে হয় এক্ষেত্রে হানাফি মতটাই বেশি ঠিক। মানে ওয়ালী ছাড়া বিয়ে যায়েজ সেটা। সালাফিদের যায়েজ না বলার পিছনে শুধু রাসূল সাঃ ৩ বার বাতিল বলেছেন এটাই শুনে, কিন্তু পুরো হাদিস টার ব্যাখ্যা কোন সালাফি মুফতিকে বলতে শুনেনি। তাই হানাফিদের কাছ থেকে যতটুকু ব্যাখ্যা শুনেছে তার কাঁছে যৌক্তিক লেগেছে। কারণ ইসলাম এতটা কঠিন না যে, মেয়ের ওয়ালি রাজি নাই কোনওভাবেই আর মেয়ে সহ্য করতে না পারলেও পছন্দের মানুষকে বিয়ে করতে পারবেনা বয়স ৩০ হওয়া সত্তেও, এটা ভুল ব্যাখ্যা (হাদিস টার) মনে হয়েছে স্ত্রীর কাছে। হানাফি মতটাই বেশি যৌক্তিক মনে হয়েছে এরপর বিয়ে করেছে। স্ত্রী এটাও ফাতওয়া শুনেছিল যে, কিছু সালাফি মুফতির মতে যেসব দেশে (উদাহরণ বাংলাদেশ) কাজী রা গোপনে বিয়ে পড়ায়, এটা আইন অনুযায়ী ও হয় আর যেখানে হানাফি মানুষ বেশি সেখানে ওয়ালী ছাড়া বিয়ে করলে হালাল হয়।
কিন্তু অন্য মাযহাবের মানুষ যেখানে বেশি সেখানে এভাবে বিয়ে হয়না। যাহোক, বিয়েতে মেয়ের পক্ষ থেকে কেউ ছিলনা কেউ জানতো ও না। ছেলের ২ বন্ধু সাক্ষী হিসেবে আর এক বন্ধু ছিল যার হাত ধরে বিয়ে পড়ানোর সময় কিছু বলতে হয় (সম্ভবত উকিল বাপ বলে) সে ঐ কাজ করেছে আর কাজী পড়তে বলে এভাবে বিয়ে হয়। স্বাক্ষী হিসেবে যে ২ জন ছিল তাদের ১ জন নামায পড়ত, অন্যজন নামায ত্যাগ করেছিল কিনা জানিনা আমরা। এমনিতে পড়ে না জানতাম কিন্তু কমপক্ষে জুমুআ পড়তো কিনা, নাকি পুরোপুরি ত্যাগ করেছিল তা জানা নেই আমাদের। আরেকজন যার হাত ধরে স্বামীকে কিছু বলতে বলে (মনে হয় উকিল বাপ) সেই ব্যক্তি যতদূর জানি জুমুআর নামায পড়ে, কিন্তু নিশ্চিত না। এসব লিখার কারন হচ্ছে নামায পুরোপুরি ত্যাগ করলে যেহেতু মুসলিম হিসেবে গন্য হয়না, তাই বিয়ের পর স্ত্রীর মনে ভয় হতো যে সাক্ষী একজন নামাজ ত্যাগ করেছে কিনা সে মুসলিম সাক্ষী হিসেবে গন্য হবে কিনা আর ফলস্বরূপ বিয়েটা হালাল হবে কিনা। পরবর্তীতে স্ত্রী আরও শুনে যে কারও ফাতওয়া বিশ্বাস করে যদি ওয়ালী ছাড়াা বিয়ে করে বাংলাদেশে, তাহলে সেটা হালাল হয়। আমরা নির্দিষ্ট কারও থেকে আলাদাভাবে ফাতওয়া জানতে চাইনি, কিন্তু অনলাইনে বিভিন্ন আলেমের কথা শুনে এটা বিশ্বাস করেছি যে এভাবে বিয়ে করলে হালাল হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে বিয়ে হালাল হয়েছে এটা প্রথমে নিশ্চিত হয়ে বিশ্বাস করেনি স্ত্রী।
কারন বিদেশের একটা হানাফি ওয়েবসাইট এ পড়েছিল যে ওয়ালী ছাড়া মেয়ের বিয়ে তখনি যায়েজ যখন স্বামী স্ত্রীর মধ্যে কুফু মিলে। আর কুফু না মিললে হানাফিতেও বিয়ে বাতিল লেখা ছিল। এটা পড়ে স্ত্রী চিন্তায় পড়ে যায় (বিয়ের আগের কথা এসব) যে আমাদের ক্ষেত্রে কুফু মিলল কিনা। কিছু কারন আছে, স্বামীর পরিবারে শিরক কুফর আকীদা আছে, স্বামীর মধ্যে নাই কিন্তু পরিবারের কারনে এখানে কুফু মিলেছে ধরা হবে কিনা তা নিয়ে চিন্তিত থাকে স্ত্রী। তাছাড়া স্বামী স্ত্রী ভিন্ন এলাকার মানুষ মানে স্থায়ী ঠিকানা ভিন্ন জেলাতে (বর্তমান ঠিকানা একই জেলাতে সবসময়)। আর স্বামীর পরিবার যথেষ্ট স্বচ্ছল কিন্তু স্ত্রীর পরিবার আরও বেশি। এসব ব্যাপার যেহেতু কুফুর ক্ষেত্রে বিবেচ্য শুনেছে তাই স্ত্রী সন্দিহান থাকে এবং ভাবে যে কিছু ওয়েবসাইটে প্রশ্ন পাঠাবে জানতে চেয়ে যে কুফু মিলেছে কিনা আমাদের। উত্তর আসলে মিলেছে বললে এরপর বিয়ে করবে ভাবছিল। কিছুদিন অপেক্ষা করে কোথাও থেকে উত্তর না আসায় পরে সিদ্ধান্ত নেয় যে এখন বিয়ে করে রাখবে হয়তো আরও কিছুদিন পর উত্তর আসবে। এরপর বিয়ে হয়, বিয়ের সময় এবং কয়েকদিনের মধ্যে স্ত্রীর সন্দেহ ছিল এই ব্যাপারে যে কুফু মিলল কিনা। কিন্তু স্বামীর মনে প্রথম থেকেই কোন সন্দেহ ছিলনা হালাল ভেবেছে বিয়েটা। সে শারীরিক সম্পর্ক করতে চায় কিন্তু স্ত্রী ভয় পায় ভেবে যে বিয়ে হালাল হয়েছে কিনা আসলেই?
যদি উত্তর আসে যে হয়নি কুফু মিলেনি তখন? আবার এটাও মনে হয় যে যদি হালাল হয়ে থাকে তাহলে স্বামীর হক নস্ট হচ্ছে? কি করবে বুঝেনা খুব দোটানায় থাকে। এরপর স্ত্রী সিদ্ধান্তে আসে যে উত্তর যেহেতু আসেনি তাই এখন বিয়ে হয়েছে ধরে নিয়েই আগাবে শারীরিক সম্পর্ক করবে পরে যদি উত্তর আসে যে হালাল হয়নি তাহলে তাওবা করবে। এরপর ১০ মাস হয়ে গেছে ২ দফায় অনেক ওয়েবসাইটে জানতে চাওয়া হয়েছে কিন্তু উত্তর দেয়নি কেউ। তাই স্ত্রী বিয়ে হয়েছে ধরে নিয়ে সেভাবে আচরন করলেও ১০০% নিশ্চিত ছিল না যে আসলেই হয়েছে কিনা। তো এই বিয়েটা আপনাদের মত অনুযায়ী কি হালাল হয়েছে? নাকি বিয়ে হয়নি আবার করতে হবে নতুন করে? আর যদি বিয়েটা হালাল না হয়ে থাকে, তাহলে এই বিয়ের পর যদি ৩ তালাক (নিয়ম অনুযায়ী) ও হয়ে যায়, তাহলে কি সেটা এখন আসল তালাক বলে গন্য হবে? নাকি তালাকের ঘটনা ঘটলেও আর নিয়ম অনুযায়ী তালাক হওয়ার কথা থাকলেও বিয়েটাই বৈধ না হওয়ার কারনে, তালাক ও হয়নি? এক্ষেত্রে আবারো বিয়ে করলে নতুনভাবে ৩ টা তালাকের সুযোগ হাতে থাকবে? অনেক রকম মত শুনে স্ত্রী কনফিউস্ড হয়ে গেছে খুব। আর তার ওয়াসওয়াসা জনিত অনেক সমস্যা আছে।
কখন কি নিয়াত করেছে বা কি বিশ্বাস করেছে কেন করেছে এসব চিন্তা করতে করতে খুব অসুস্থ হয়ে যায় মাঝেমধ্য। তো বিয়ের ১০ মাসের বেশি হয়েছে অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে। (বিশেষকরে নিজেদের যিনা থেকে আর আটকানো সম্ভব হবে না ভেবেই গুনাহ থেকে বাচঁতে এভাবে বিয়ে করেছিল)। তো এরপর বাসায় রাজি করানো নিয়ে অনেক ঝামেলা চলছে, আর ইতিমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মন মেজাজ খারাপ থাকার কারনে অনেক ঝগড়া হয়েছে তালাকের কথাও হয়েছে অনেকবার। এখন হানাফি মুফতির কাছে ফাতওয়া জানতে প্রশ্ন পাঠানো হয়েছে, এখনো বলেনি যে তালাক হয়ে গেছে, কিন্তু স্ত্রী খুবই ভয়ে আছে অসুস্থ হয়ে গেছে এসব চিন্তা করতে করতে, ভাবছে তালাক হয়ে গেছে বললে তো বাঁচতে পারবেনা, তার পক্ষে মরে গেলেও অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে স্বামীর মধ্যে আগে (বিয়ের আগে) কিছু শিরক কুফরি আকীদা ছিল। সেগুলো নিয়ে সঠিক টা জানার পর সেই বিশ্বাসগুলো পরিবর্তন করে এবং শিরক কুফর থেকে মুক্ত হয়। বিয়ের আগেই এসব হয়, বিয়ের সময় আকীদাগত সমস্যা ছিল না স্বামী-স্ত্রীর জানামতে। সঠিক বিশ্বাস ধারন করার পর, স্বামী আগের বিশ্বাস এবং কর্মের জন্য তাওবা করে কিন্তু সেটা কখন করে, বিয়ের আগে নাকি পরে সেটা তার মনে নেই। মানে শিরক কুফর মুক্ত হয়, ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে বিয়ের আগেই কিন্তু সেসবের জন্য কবে তাওবা করে সেটা মনে নেই।
আর একেকটা বিষয়ে আলাদা ভাবে তাওবা করে একেকটা বিষয়ে নিজেকে পরিবর্তন করে এমন না, বরং সবকিছু নিয়ে আল্লাহর কাছে মাফ চায় তাওবা করে এমন। আর সে তার শিরক কুফর মুক্ত হওয়ার পর (বিয়ের আগে) আলাদাভাবে কালিমা শাহাদাত পড়েনি, নতুনভাবে মুসলিম হচ্ছে এমন নিয়াত ভাবেনি। এটা তাকে বলার পর সে ভাবে যে এমন নিয়াতে তো কালিমা পরা উচিত ছিল তখন সে আলাদাভাবে পড়ে (বিয়ের পর এটা, কিছুদিন আগের কথা)। কিন্তু সে সঠিক পথে এসেছে বিয়ের আগেই। এক্ষেত্রে বিয়ে হালাল হয়েছে কিনা সেটা নিয়েও চিন্তা হচ্ছে। সবকিছু মিলিয়েই জানতে চাই। কোন বিষয়ে পরিস্কার ভাবে না বুঝলে দয়া করে জানাবেন আরও বুঝিয়ে বলার চেস্টা করবো ইনশা আল্লাহ।
জানার বিষয় হচ্ছে, উপরের সব কিছু বিবেচনা করে আপনাদের মত অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর দিবেন দয়া করে। বিস্তারিত ব্যাখ্যা না বললেও চলবে, শুধু মূল উত্তর জানিয়ে দিলেই হবে। ১. আপনাদের মতে আমাদের বিয়ে টা হালাল হয়েছে কিনা? না হলে কোন কারনে হয়নি?
২. আর বিয়ে হালাল না হলে আমরা নতুন করে বিয়ে করতে বাধ্য কিনা? সেক্ষেত্রে নতুন করে বিয়ে করলে আমরা নতুন ভাবে ৩ টা তালাকের সুযোগ পাব কিনা? আর আগের ঘটনাগুলোতে যদি নিয়ম অনুযায়ী তালাক হয়েও থাকে, এখন সেগুলো বাতিল (তালাক হয়নি) বলে গন্য হবে কিনা? (যেহেতু বিয়েই হয়নি)
৩. আর একই দম্পতির পুনরায় বিয়ের ক্ষেত্রে কোন ইদ্দত পালন করতে হবে কিনা? হলে কতদিন এবং নিয়মটা কেমন হবে? যদি বিয়ে হালাল হয়নি বলেন তাহলে কি এই ছেলেকেই আবার বিয়ে করতে চাইলে তার আগেও ইদদাত পালন করতে হবে? হলে সেক্ষেতরে ইদ্দাত টা কেমন এবং কতদিন হবে? শারীরিক সম্পর্কের পর ৩ বার মাসিক হয়ে শেষ হওয়া পর্যন্ত? আর তখন যদি তারা শারীরিক সম্পর্ক না করে কিন্তু দেখা হয় কথা বলা হয় তাহলে কি ইদ্দত পূরণ হবে? জানি নন মাহরাম হিসাবে গণ্য হলে এসবও হারাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইদ্দত নিয়ে যে, ইদ্দত পূরণ হওয়ার জন্য কি যোগাযোগ দেখা সাক্ষাত বন্ধ করা বাধ্যতামূলোক কিনা? নাকি শুধু শারীরিক মিলন না করলেই ইদ্দত পূরণ হচ্ছে বলে গণ্য হবে? আর শারীরিক মিলন বাদে একে অপরকে অন্তরঙ্গ স্পর্শ করলে বা ছবি দেখলে কি ইদ্দত ভংগ হয়? ইদ্দত পালন হওয়ার জন্য আমাদের নিজেদেরকে নন মাহরাম বলে বিশ্বাস করাটাও বাধ্যতামূলোক? মানে শুধু দূরে থাকলেই হবে? নাকি বিয়ে হয়নি এটা ভেবেই দূরে থাকতে হবে? বা ইদ্দতের ক্ষেত্রে আলাদাভাবে কোনো নিয়াত করা বাধ্যতামূলোক কিনা? নাকি শুধু শারীরিক মিলন না করলেই এক্ষেত্রে ইদ্দত পালন বলে গণ্য হবে? ৪. তালাকে তাফওয়ীজের ক্ষেত্রে কাবিন নামাতে লেখা বনীবনা না হলে তালাক নিতে পারবে, এখানে বনিবনা না হওয়ার অর্থ কি? কোন বিষয়ে ঝগড়া ঝামেলা হলে কলহ হলে অসহ্য মনে হলেই কি তখন তালাক নিতে পারবে? নাকি লম্বা সময় বা অন্য কোন বিষয় দ্বারা এটা নির্ধারণ করা হয়? সময়ের ব্যাপার হলে কত সময় ধরে ঝগড়া হলে তালাক নেওয়া যায়? দয়া করে বনীবনা বলতে কি বুঝানো হয় নির্দিষ্টভাবে জানাবেন। ছেলে বা মেয়ের কারও পরিবারেই এই গোপন বিয়ের কথা জানানো সম্ভব না। উপরের সব ঘটনা বিবেচনা করে এই বিয়ে জায়েজ হয়েছে কিনা জানাবেন। আল্লাহ উত্তম প্রতিদান দিক।
নিবেদক,
মোছা: নাজিয়া আক্তার
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী শরিয়ার বিশুদ্ধ মতানুসারে প্রাপ্তবয়স্ক (বালেগা) ও বিবেকসম্পন্ন নারীর ওলীর অনুমতি ব্যতীত নিজ ইচ্ছায় শরয়ী স্বাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ সহিহ হয়।
উপরোক্ত মুলনীতি অনুযায়ী আপনার বিবাহ বৈধ ও হালাল হয়েছে। কারণ, আপনি প্রাপ্তবয়স্ক এবং বিবেকসম্পন্ন হওয়ায় ওলী ব্যতিত নিজে বিয়ে করার অধিকার রাখেন। আর বিয়েতে শরয়ী স্বাক্ষী অনুযায়ী দুইজন মুসলিম পুরুষ সাক্ষী ছিল। তারা নামায না পড়লেও মুরতাদ বা কাফের নয়। তাই তাদের স্বাক্ষ্যও গ্রহণযোগ্য। আর পূর্বের শিরকি বিশ্বাস থেকে তাওবা করে ফিরে আসায়, বিয়ের সময় স্বামীর ঈমান ও আকিদা সহীহ ছিল।
সুতরাং আপনাদের উক্ত বিবাহ সহীহ হয়েছে, এখন আর নতুন করে বিয়ে করার প্রয়োজন নেই।
কাবিননামায় তাফওয়ীজে তালাক এই শর্তে হয় যে “বনিবনা না হলে স্ত্রী তালাক নিতে পারবে”, স্ত্রী উপরোক্ত দেওয়া ক্ষমতা বলে শর্ত পূরণ সাপেক্ষে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে ।
আর বিয়ের ১৮ নং ধারায় “বনিবনা না হওয়া” বলতে বোঝায়: দীর্ঘস্থায়ী কলহ, মানসিক বা শারীরিক নির্যাতন, ভালোবাসাহীনতা/দায়িত্বহীনতা,পারস্পরিক অসহ্যতা। এক-আধবার ঝগড়া বা মনোমালিন্য এর অন্তর্ভূক্ত নয়।
তাই যদি সত্যিকারের বনিবনা না হওয়া প্রমাণিত হয়, স্ত্রী তখন তালাকে তাফওয়ীজের ক্ষমতা বলে নিজের উপর তালাক প্রয়োগ করতে পারেন। অন্যথায় নয়।
الادلة الشرعية
القرآن: سورة البقرة، الآية: 228
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
القرآن: سورة الأحزاب، الآية: 28-29
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ... فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا
صحيح مسلم، حديث: 1421
الأيِّمُ أحقُّ بِنفْسِها من وليِّها، والبكرُ تُستأذنُ في نفسِها، وإذنُها صُمتُها
صحيح مسلم، حديث: 1472
أن رجلاً قال لامرأتِه: أنتِ طالقٌ ثلاثًا... فقال ﷺ: أَيُلعَبُ بكتابِ اللهِ، وأنا بين أظهرِكم؟
(رد المحتار: 3/55، دار الفكر)
"إذا زوجت البالغة نفسها من كفء بشهادة رجلين مسلمين جاز، وإن كره الأولياء."
(الهداية: 1/188)
والنكاح ينعقد بشهادة رجلين عدلين أو رجل وامرأتين عدول وشرط العدالة أن لا يكون مشهوراً بالفسق."
(الفتاوى الهندية: 1/283)
"النكاح بلا ولي جائز عند أبي حنيفة رحمه الله بشرط وجود الشهود."
(رد المحتار: 3/485)
"إذا خلا بها خلوة صحيحة ثم طلقها وجب عليها العدة وإن لم يطأها."
(البحر الرائق: 4/114)
"إذا ملكت المرأة أمر نفسها وشرطت البينونة عند الشقاق فلها أن تطلق نفسها عند وجود الشقاق."
(الدر المختار: 3/230)
"والمطلقة ثلاثاً لا تحل لزوجها الأول حتى تنكح زوجاً غيره نكاحاً صحيحاً ويدخل بها."
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش