প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে তালাক দিল, কিন্তু সেখানে কোনো সাক্ষী উপস্থিত ছিল না। পরে স্বামী-স্ত্রীর মধ্যে তালাক দেওয়া বা তালাকের সংখ্যা নিয়ে বিরোধ সৃষ্টি হলো। জানতে চাই, তালাক পতিত হওয়ার জন্য সাক্ষী থাকা কি জরুরি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাব অনুযায়ী তালাক কার্যকর হওয়ার জন্য সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়। স্বামী শরিয়তসম্মতভাবে তালাকের শব্দ উচ্চারণ করলেই তালাক পতিত হয়ে যায়। তবে পরবর্তী সময়ে তালাক দেওয়া বা তালাকের সংখ্যা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা প্রমাণের জন্য শরিয়ত নির্ধারিত সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন হতে পারে। নিকাহ, তালাক, উকালতসহ অন্যান্য অধিকারের ক্ষেত্রে সাক্ষ্যের নির্ধারিত পদ্ধতি হলো—দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারীর সাক্ষ্য।

সুতরাং: তালাক দেওয়ার সময় সাক্ষী না থাকলেও তালাক পতিত হবে। তবে তালাক নিয়ে বিরোধ দেখা দিলে শরিয়তসম্মত সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

 

সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুশ শাহাদাত, ৮/১৭৮, যাকারিয়া; আল-হিদায়া, কিতাবুশ শাহাদাত, ৩/১৫৪, আল-আমিন কুতুবখানা, দেওবন্দ; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৯৮, মাকতাবাতুল ইত্তেহাদ, দেওবন্দ; আল-মাওসুআতুল ফিকহিয়্যা, ২৬/২২৭, কুয়েত।

وَاللهُ    أَعْلَمُ    بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা