এক ব্যক্তির প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান ছিল। তিনি তাঁর সমস্ত সম্পত্তি ওই দুই সন্তানের মধ্যে বণ্টন করে দেন। পরবর্তীতে তাঁর স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং ওই স্ত্রীর গর্ভেও সন্তান জন্মগ্রহণ করে। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণকারী সন্তান কি প্রথম স্ত্রীর সন্তানদের দেওয়া সম্পত্তি থেকে কোনো অংশ পাবে? উল্লেখ্য, বর্তমানে ওই সন্তানের পিতাও ইন্তেকাল করেছেন।

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি সম্পত্তি হেবা করার পর প্রথম স্ত্রীর সন্তানদের মালিকানা ও দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং এরপর ইন্তেকাল করেন, তাহলে হেবাকৃত সম্পত্তি ফিরিয়ে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের দেওয়া জায়েজ হবে না। দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও প্রথম স্ত্রীর সন্তানদের কাছ থেকে হেবাকৃত সম্পত্তির কোনো অংশ দাবি করতে পারবেন না।

তবে প্রথম স্ত্রীর সন্তানরা স্বেচ্ছায় দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কিছু দিতে চাইলে দিতে পারবেন। এটি নতুন হেবা হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে তাঁরা সৎ ভাই-বোনদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দায়িত্বও পালন করতে পারবেন।

পক্ষান্তরে, ওই ব্যক্তি যদি শুধু সম্পত্তি ক্রয় করে প্রথম স্ত্রীর সন্তানদের নামে রেজিস্ট্রি করে থাকেন, কিন্তু তাঁদের মালিকানা ও দখল বুঝিয়ে না দিয়ে থাকেন, তাহলে হেবা সহিহ হয়নি। এ ক্ষেত্রে সম্পত্তি মৃত পিতার পরিত্যক্ত সম্পদ হিসেবে গণ্য হবে এবং তাঁর সব ওয়ারিশ শরিয়ত নির্ধারিত অংশ পাবেন। অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ওই সম্পত্তির অংশীদার হবেন।

সূত্র: আদ-দুররুল মুখতার, ৫/৬১৮, ৬৯৮ ও ৭০১, ইমদাদুল ফাতাওয়া, ৩/৪৭৪, মিশকাত শরিফ, ২/৪১৯–৪২০।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল