আমার পিতা তাঁর আট কাঠা জমির মধ্যে আমাকে সাড়ে সাত কাঠা জমি রেজিস্ট্রি করে দান করেছেন। জমি দানের বিষয়টি আমার চার বোন ও এক ভাই জানত না। পরে দুই বোনের কাছে জানতে চাইলে তাঁরা জানান, পিতার সম্পত্তির ওপর তাঁদের কোনো দাবি নেই। এ বিষয়ে অন্য কারও সঙ্গে আলোচনা করা হয়নি।

উল্লেখ্য, আমার ভাই পিতা-মাতার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং আর্থিকভাবে সচ্ছল। তদুপরি ধর্মের প্রতিও তার কোনো আগ্রহ নেই। এমনকি মায়ের মৃত্যুর পরও সে পিতার দেখাশোনা করছে না। এখন জানতে চাই, উল্লিখিত দানের ব্যাপারে শরিয়তের বিধান কী? দানটি নাজায়েজ হলে করণীয় কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার পিতা যদি জমি আপনাকে সম্পূর্ণরূপে হস্তান্তর করে থাকেন, অর্থাৎ অন্য জমি থেকে পৃথক করে নির্দিষ্ট অংশ আপনার দখলে বুঝিয়ে দিয়ে থাকেন এবং আপনিও তা বুঝে নিয়ে থাকেন, তাহলে আপনি ওই জমির মালিক হয়ে গেছেন। তবে অন্য সন্তানদের বঞ্চিত করার কারণে আপনার পিতা গুনাহগার হবেন।

এখন যদি এ ভুল সংশোধন করতে চান, তাহলে আপনার নামে দেওয়া জমি থেকে নিজের অংশ ছেড়ে দিয়ে পিতার সম্পূর্ণ সম্পত্তি থেকে ভাই-বোনদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে হবে। এর মাধ্যমে আপনার পিতার গুনাহ থেকে মুক্তির আশা করা যায়। অর্থাৎ, আপনার পিতার ওই জমি ছাড়া অন্য কোনো সম্পত্তি না থাকলে, তাঁকে গুনাহ থেকে মুক্ত করার উদ্দেশ্যে আপনার উচিত হবে, আপনাকে দেওয়া জমি ও পিতার অবশিষ্ট সম্পত্তি থেকে ভাই-বোনদের শরিয়ত নির্ধারিত অংশ বুঝিয়ে দেওয়া।

পক্ষান্তরে, তিনি যদি শুধু আপনার নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে থাকেন, কিন্তু মালিকানা ও দখল বুঝিয়ে না দিয়ে থাকেন, অথবা আপনি দানপত্র বুঝে নিলেও জমির দখল গ্রহণ না করে থাকেন, তাহলে হেবা সহিহ হয়নি। এ ক্ষেত্রে আপনার পিতা চাইলে জমি ফিরিয়ে নিয়ে সবাইকে সমানভাবে হেবা করতে পারবেন। আবার চাইলে আপনাকেসহ কাউকেই হেবা না করে নিজের মালিকানায় রাখতে পারবেন। তিনি জীবদ্দশায় কাউকে হেবা না করলে তাঁর মৃত্যুর পর সম্পত্তি মিরাস হিসেবে বণ্টিত হবে। তখন ছেলেরা মেয়েদের দ্বিগুণ অংশ পাবে।

আর আপনার দুই বোন যেভাবে মৌখিকভাবে তাঁদের দাবি ছেড়ে দিয়েছেন, তাতে তাঁদের দাবি ত্যাগ শরিয়তসম্মতভাবে প্রমাণিত হয় না। দাবি ত্যাগের সঠিক পদ্ধতি হলো, প্রথমে তাঁদের প্রাপ্য অংশের মালিকানা তাঁদের বুঝিয়ে দিতে হবে। এরপর তাঁরা স্বেচ্ছায় চাইলে আপনাকে কিছু অংশ হাদিয়া দিতে পারবেন, আবার না-ও দিতে পারবেন। এভাবে হাদিয়া দিলে আপনি ওই অংশের মালিক হবেন এবং তাঁদের দাবি ত্যাগ করাও যথাযথভাবে প্রমাণিত হবে।

সূত্র: আদ-দুররুল মুখতার, ৫/৬৯৬ ও ৭০৪, খুলাসাতুল ফাতাওয়া, ৪/৪০০,  আল-বাহরুর রায়িক, ৭/২৮৮, ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/২৫৯, আহসানুল ফাতাওয়া, ৭/২৫৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল