আমরা তিন ভাই। ছোট দুই ভাই মাকে নিয়ে নিজ বাড়িতে থাকি। বড় ভাই অন্যত্র বসবাস করেন। বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসা করানোর কথা বলে একবার মাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাই। সেখানে ওষুধ কেনার অজুহাতে মায়ের টিপসই নিয়ে তাঁর সম্পত্তি বড় ভাইয়ের নামে দানপত্র করে রেজিস্ট্রি করা হয়। পরে আমরা ছোট দুই ভাই মাকে নিয়ে ওই সম্পত্তি ভোগদখল করতে থাকি।কিন্তু বড় ভাই মায়ের ভরণ-পোষণ দেন না এবং তাঁর সঙ্গে অমানবিক আচরণ করেন। আমরা ছোট দুই ভাই তাঁকে এ ব্যাপারে বহুবার সতর্ক করলেও কোনো লাভ হয়নি। বরং তিনি আমাদের ওপর রাগ করে তাঁর ভাগের জমি অন্যের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেন।
মা পরে দানপত্রের বিষয়টি জানতে পেরে তা বাতিলের জন্য আদালতে মামলা করেন এবং দানপত্র বাতিল হয়ে যায়। এরপর বড় ভাই মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এগারো বছর পর মা নিজের পক্ষে মামলার রায় পান। অতঃপর তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ অবস্থায় তাঁর সম্পূর্ণ সম্পত্তি আমাদের ছোট দুই ভাইয়ের নামে লিখে দিয়ে কিছুদিন পর ইন্তেকাল করেন।
আমরা ছোট দুই ভাই ওই সম্পত্তি ভোগদখল করছি। এখন জানতে চাই, উক্ত সম্পত্তি আমাদের ভোগদখল করা বৈধ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বাস্তবেই যদি প্রথমবার বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী মায়ের অজান্তে তাঁর জমি গোপনে দানপত্রের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়ে থাকে, তাহলে মায়ের সম্মতি না থাকায় ওই দান শরিয়ত অনুযায়ী সহিহ হয়নি। বরং মাকে ধোঁকা দিয়ে দানপত্র করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা মারাত্মক গুনাহগার হয়েছেন।
তবে পরবর্তীতে মা যদি স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আপনাদের দুই ভাইকে দানপত্র করে থাকেন, সম্পত্তির মালিকানা ও দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং আপনারাও তা বুঝে নিয়ে থাকেন, তাহলে ওই হেবা সহিহ হয়েছে। এ ক্ষেত্রে বড় ছেলের অবাধ্যতা, ধোঁকাবাজি ও চরম বেয়াদবির কারণে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করাও মায়ের জন্য বৈধ হয়েছে।
সূত্র: মিশকাত শরিফ, ১/২৬০, দুররুল মুখতার, ৫/৬৯৬, ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৪/৩৯১, খুলাসাতুল ফাতাওয়া, ৪/৪০০, আল-বাহরুর রায়িক, ৭/২৮৮, ইমদাদুল ফাতাওয়া, ৩/৪৭০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল