আমার কোনো ছেলে নেই; চারজন মেয়ে আছে। আমার এক ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া আমার তিনজন বোন আছেন। ভাই-বোনেরা আল্লাহর রহমতে সবাই স্বচ্ছলভাবে জীবনযাপন করছেন। এমতাবস্থায় আমি যদি আমার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে হেবা করে দিই, তাহলে আমার ভাই-বোনদের কোনো অসুবিধা হবে না। এ অবস্থায় আমার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে হেবা করে দেওয়া জায়েজ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি শরিয়ত নির্ধারিত নিয়মে ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে। আপনার চার মেয়ে থাকায় তারা সম্মিলিতভাবে দুই-তৃতীয়াংশ সম্পদ পাবে। আর স্ত্রী পাবেন এক-অষ্টমাংশ। অবশিষ্ট সম্পদ অন্যান্য যোগ্য ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে।
এমতাবস্থায় আপনি সম্পত্তির অধিকাংশের অধিকারী মেয়েদের বঞ্চিত করে তুলনামূলক কম অংশের অধিকারী স্ত্রীকে সমস্ত সম্পত্তি হেবা করতে চাচ্ছেন। বিশেষত, কন্যাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা অত্যন্ত অন্যায় ও গুনাহের কাজ। তাই কোনো শরয়ি কারণ ছাড়া সমস্ত সম্পত্তি স্ত্রীকে হেবা করে দেওয়া উচিত হবে না।
আপনার উচিত সম্পত্তি নিজের মালিকানায় রেখে যাওয়া, যাতে মৃত্যুর পর প্রত্যেক ওয়ারিশ শরিয়ত নির্ধারিত অংশ পেতে পারেন।
অথবা শরিয়তসম্মত কোনো কারণ থাকলে সুস্থ অবস্থায় মেয়েদের ও স্ত্রীকে সমানভাবে সম্পদ হেবা করে মালিক বানিয়ে দিতে পারেন। তবে বিশেষ কোনো কারণ না থাকলে মৃত্যুর আগে সম্পত্তি বণ্টন না করাই উত্তম।
সূত্র: দুররুল মুখতার, ৫/৬৯৬, ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা ১০৪৯, আয়িযুল ফাতাওয়া, পৃষ্ঠা ৭৮৩, ফাতাওয়ায়ে আবদুল হাই, ৩/৩১।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল