আমার মোট আট ছেলে ও দশ মেয়ে। পঞ্চম ছেলে তিন ছেলের পিতা ছিল। ঘটনাক্রমে সে রোগাক্রান্ত হয়ে তিন নাতি রেখে মারা গেছে। আমি আমার নিজস্ব সম্পত্তি থেকে ওই নাতিদের কিছু সম্পত্তি লিখে দিতে চাই। কিন্তু আমার অন্য ছেলেরা এতে বাধা দিচ্ছে। এ ব্যাপারে শরয়ি বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, দাদা তাঁর ইয়াতীম পৌত্রদের প্রয়োজন পূরণের জন্য নিজের সম্পত্তি থেকে প্রয়োজন অনুযায়ী হেবা করতে পারবেন। তাঁদের প্রয়োজনের কথা বিবেচনা করে সম্পদ দেওয়া দাদার জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও দ্বীনি দায়িত্ব।

তাঁদের পিতা জীবিত না থাকায় তারা আর্থিকভাবে অসহায় হয়ে পড়তে পারে। তাই দাদা সুস্থ অবস্থায় নিজের সম্পত্তি থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সম্পদ হেবা করতে পারবেন। সুস্থ অবস্থায় নিজের সম্পূর্ণ সম্পদ অন্যকে হেবা করার ক্ষেত্রেও শরিয়তে নির্দিষ্ট কোনো পরিমাণসীমা নেই।তবে মৃত্যুশয্যায় থাকা অবস্থায় কাউকে অসিয়ত করতে চাইলে তা মোট সম্পদের এক-তৃতীয়াংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

সুতরাং, আপনি নাতিদের প্রয়োজন বিবেচনা করে তাদের যতটুকু সম্পদ দেওয়া প্রয়োজন মনে করেন, তা হেবা করে দিতে পারেন। তাদের পিতা না থাকায় তাদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা আপনার জন্য উত্তম।

সূত্র:ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৪/৪৩৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল