আমরা দুই ভাই ও এক বোন। বাবা মারা গেছেন, মা এখনো জীবিত আছেন। বাবার সম্পত্তির অংশ আমরা সবাই পেয়েছি। বাবা মৃত্যুর সময় মাকে আলাদা করে কিছু জমি দিয়েছিলেন। মা এখন সেই জমি আমাদের দুই ভাইকে দিয়েছেন। এ জমিতে আমাদের বোনের কোনো অংশ থাকবে কি? উল্লেখ্য, আমাদের বোন কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর ছেলে-মেয়েরা জীবিত আছে।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় আপনার মা সুস্থ অবস্থায় নিজের মালিকানাধীন জমি আপনাদের দুই ভাইকে হেবা করে দিয়ে থাকলে আপনারা ওই জমির মালিক হয়ে গেছেন।
সুতরাং, আপনাদের বোন বা তাঁর সন্তানরা এ জমিতে কোনো অংশ পাবেন না। তবে হেবা করার সময় আপনাদের বোন জীবিত থাকলে মায়ের কর্তব্য ছিল ছেলে-মেয়ে সবাইকে সমানভাবে হেবা করা। মেয়েকে বঞ্চিত করা বা কম দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, পিতা-মাতা জীবিত অবস্থায় সন্তানদের মধ্যে সম্পদ বণ্টন করলে তা মিরাস নয়; বরং হেবা হিসেবে গণ্য হয়। তাই মিরাসের নিয়মে নয়, বরং ছেলে-মেয়ে সবাইকে সমানভাবে হেবা করা উচিত।
সূত্র:ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/২৫৯, আল-বাহরুর রায়িক, ৭/২৮৮, খুলাসাতুল ফাতাওয়া, ৪/৪০০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল