এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। পরবর্তীতে তিনি জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ করে মসজিদের পরিচালনার দায়িত্ব নিতে চান। এতে মসজিদ কমিটির সদস্যরা অনেক কষ্টের সম্মুখীন হন। তাই তাঁরা কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানার বিষয় হলো, এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?
নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লি হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি ওয়াকিফের মধ্যে বিদ্যমান থাকলে তাঁর মুতাওয়াল্লি হওয়ার ইচ্ছা প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে। আর প্রয়োজনীয় গুণাবলি না থাকলে জোর-জবরদস্তি করে দায়িত্ব গ্রহণ করা বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত ওয়াকফকারী ব্যক্তি যদি আমানতদার, দ্বীনদার এবং মসজিদ পরিচালনায় সক্ষম হন, তাহলে তাঁর হাতে মসজিদ পরিচালনার দায়িত্ব অর্পণ করা যেতে পারে। অন্যথায় পারস্পরিক পরামর্শের মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত। তবে ওয়াকফকৃত সম্পত্তি কখনোই ওয়াকিফকে ফিরিয়ে দেওয়া যাবে না।
তথ্যসূত্র: শামী, ৬/৫৮৩, আযহার কিফায়াতুল মুফতি, ৯/৪৭৫, ফারুকিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল