বিস্তারিত: ১. ঘটনা-১: স্বামী ১ বছর আগে ঝগড়ার সময় রাগের বশবর্তী হয়ে তোমাকে ছেড়ে দিব বা দিলাম,এ ধরনের কিছু কথা বলেছিলেন। তুমি চাইলে চলে যেতে পার।তিনি ঠিক কি বলেছিলেন আমার মনে নেই শুধু সন্দেহ হচ্ছে এ ধরনের কথাই বলেছিলেন। তার সংসার ভাঙ্গার সরাসরি ইচ্ছা ছিল না সবসময়ই সংসার করতে চেয়েছেন। আর পরে তিনি এ ধরনের কথায় তালাক হতে পারে সেটাও অস্বীকার করেছেন। যেহেতু আমাদের কারো ঘটনা স্পষ্ট মনে নেই এটাকে কি ১ তালাক ধরব? ২. ঘটনা-২: গত কোরবানীর দিন উনি প্রচন্ড রাগের মাথায় আমাকে মারধর করেন এবং বলেন তোকে আজকে তালাক দিয়ে দিব। দিলাম তালাক। মাত্র ১ বারই দিলাম তালাক বলেছিলেন। পরে তিনি অস্বীকার করেছেন এবং সাবধান বশত তওবা করেছেন এবং তোমাকে ফিরিয়ে নিলাম বলে সংসার শুরু করেছেন। এতে কি ১ তালাক হয়েছে? ৩. ঘটনা -৩: গত মাসে খুব সাধারণ কথার মধ্যেই আমি বলেছিলাম আপনি এতবার আমাকে ছেড়ে দিতে চেয়েছেন এখন আপনি আমার স্বামী আছেন কিনা সন্দেহ হচ্ছে। তখন সে তিনবার বলেছিলেন নাই, নাই, নাই। তার আমার প্রতি রাগ , অভিমান আছে তবে এখানেও তালাক এর নিয়ত ছিল কিনা জানিনা। তারও হয়তো মনে নেই। তখন সাথে সাথে জানতে চাইলে বলেছিলেন তুমি নিজে উল্টাপাল্টা বল পরে আমাকে দোষ দাও। ৪. যেহেতু তাদের পরিবারে ঝগড়া হলে তার বাবাও এ ধরনের কথা বলতে অভ্যস্ত তাই উপরের ঘটনাগুলো সাধারণ রাগের কথা ধরব নাকি তালাক ধরব? ৫. জরুরি বিষয়- আমি এবং আমার স্বামী দুইজন এরই এটা ২য় বিয়ে । আমার স্বামী তালাক এর কথা কিছুতেই স্বীকার করবেন না। তিনি সংসার করবেন। আমার কাছে কোন সাক্ষী প্রমাণ নেই। কোথাও বিচার এ যাওয়ার সামর্থ্য নাই। এ ছাড়াও আমি নিঃসন্তান নারী আমার কোন যাওয়ার জায়গা নেই। ৬. আমি কি তাহলে তালাক হয়ে গেছে ধরে নিয়ে আলাদা হয়ে যাব নাকি ১ম ঘটনা মনে নেই, ২য় , ৩য় ঘটনা স্বামীর অস্বীকার আর আমার সামগ্রিক অবস্থার জন্য বিবেচনার ভিত্তিক সংসার করতে পারব? ৭. যেহেতু আমার স্বামী অস্বীকার করবেন তাই সংসার চালিয়ে গেলে কি তিনিই গুনাহগার হবেন নাকি আমারও গুনাহ হবে?

]

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের কিছু শব্দ সুস্পষ্ট (صريح), আর কিছু শব্দ অস্পষ্ট বা ইঙ্গিতপূর্ণ (كناية)। সুস্পষ্ট তালাকের ক্ষেত্রে নিয়ত আবশ্যক নয়; পক্ষান্তরে কিনায়া শব্দের ক্ষেত্রে নিয়ত ও প্রাসঙ্গিক অবস্থা বিবেচনা করতে হয়। তবে শুধু সন্দেহের ভিত্তিতে তালাক সাব্যস্ত হয় না।

 

প্রশ্নের বর্ণনার আলোকে প্রথম ঘটনা সম্পর্কে:স্বামী যদি এক বছর আগে ঝগড়ার সময় তোমাকে ছেড়ে দেব বা তোমাকে ছেড়ে দিলাম অথবা এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে এর বিধান ব্যবহৃত সঠিক শব্দের ওপর নির্ভরশীল। তোমাকে ছেড়ে দিলাম  জাতীয় কথা যেহেতু বর্তমান সামাজিক প্রচলনে তালাকের স্পষ্ট শব্দের অন্তর্ভুক্ত।কিন্তু প্রশ্নে যেহেতু স্বামী-স্ত্রী উভয়েরই সঠিক শব্দ স্মরণ নেই এবং শুধু সন্দেহ হচ্ছে যে, দিলাম নাকি দেব এমন কথা বলেছিলেন, তাই এ সন্দেহের ভিত্তিতে তালাক সাব্যস্ত হবে না। অতএব, প্রথম ঘটনাকে সন্দেহের ভিত্তিতে তালাক হিসেবে গণ্য করা যাবে না।

দ্বিতীয় ঘটনা সম্পর্কে: স্বামী কোরবানির দিন রাগের মাথায় স্পষ্টভাবে তোকে আজকে তালাক দিয়ে দেব বলার পর দিলাম তালাক বলে থাকেন, তাহলে দিলাম তালাক বলার দ্বারা এক তালাকে রাজয়ি পতিত হয়েছে। কারণ, এটি তালাকের সুস্পষ্ট শব্দ। রাগের অবস্থায় বললেও স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি ও উপলব্ধি বজায় থাকলে তালাক কার্যকর হয়।পরবর্তী সময়ে স্বামী তালাক অস্বীকার করলেও বাস্তবে সংঘটিত তালাক বাতিল হবে না। একইভাবে তওবা করার দ্বারাও তালাক বাতিল হয় না।তবে স্বামী যদি ইদ্দতের মধ্যে তোমাকে ফিরিয়ে নিলাম বলে থাকেন, তাহলে এর দ্বারা স্ত্রীকে ফিরিয়ে নেওয়া তথা رجعة (রুজু) সহিহ হয়েছে। সেক্ষেত্রে নতুন করে বিবাহের প্রয়োজন নেই।আর যদি ইদ্দত শেষ হওয়ার পর ফিরিয়ে নেওয়ার কথা বলে থাকেন, তাহলে শুধু এ কথার দ্বারা স্ত্রী ফিরে আসবেন না; বরং নতুন মোহর নির্ধারণ করে উভয়ের সম্মতিতে নতুনভাবে বিবাহ করতে হবে।

তৃতীয় ঘটনা সম্পর্কে: স্ত্রী যখন বলেছেন, আপনি এখনো আমার স্বামী আছেন কি না সন্দেহ হচ্ছে, তখন স্বামী তিনবার নাই, নাই, নাই বলেছেন।এখানে নাই শব্দটি কিনায়া তালাকের শব্দের অন্তর্ভুক্ত  বিধায় তালাক নিয়তে বললে তিন তালাক হবে যা চিরেতর হারাম হিসেবে গন্য হবে। তালাকের নিয়ত না থাকলে নয়।

চতুর্থ ঘটনা: পারিবারিক অভ্যাস ও রাগের অবস্থায় এ ধরনের কথা বলা সম্পর্কে: স্বামীর পরিবারে ঝগড়ার সময় এ ধরনের কথা বলার প্রচলন থাকলেও এর দ্বারা শরয়ি বিধান পরিবর্তিত হয় না। তালাকের শব্দ সুস্পষ্ট হলে রাগের মধ্যেও তা কার্যকর হয়। আর কিনায়া শব্দ হলে নিয়ত ও প্রাসঙ্গিক অবস্থা বিবেচনা করতে হয়।সুতরাং, পারিবারিক অভ্যাসকে একমাত্র ভিত্তি করে সব কথাকে সাধারণ রাগের কথা বলা যাবে না। আবার প্রতিটি অস্পষ্ট কথাকেও তালাক মনে করা যাবে না।

পঞ্চম ঘটনা: স্বামী তালাক অস্বীকার করা এবং সাক্ষী-প্রমাণ না থাকা সম্পর্কে: তালাক কার্যকর হওয়ার জন্য সাক্ষী থাকা শর্ত নয়। কোনো ব্যক্তি সাক্ষী ছাড়াও তালাক দিলে শরিয়তের দৃষ্টিতে তালাক কার্যকর হয়ে যায়।অতএব, স্বামী বাস্তবে তালাক দিয়ে থাকলে পরবর্তী সময়ে তা অস্বীকার করার কারণে আল্লাহর কাছে তার হুকুম পরিবর্তিত হবে না।

ষষ্ঠ ঘটনা: বর্তমান অবস্থায় সংসার করা সম্পর্কে: প্রশ্নের বর্ণনা অনুযায়ী প্রথম ও তৃতীয় ঘটনার ব্যাপারে নিশ্চিতভাবে তালাক সাব্যস্ত করার মতো তথ্য নেই। কিন্তু দ্বিতীয় ঘটনায় স্বামী স্পষ্টভাবে দিলাম তালাক বলে থাকলে এক তালাকে রাজয়ি পতিত হয়েছে।অতএব, দ্বিতীয় ঘটনার পর ইদ্দতের মধ্যে স্বামী রুজু করে থাকলে এবং পরবর্তী সময়ে আর কোনো তালাক সংঘটিত না হয়ে থাকলে তাঁদের বৈবাহিক সম্পর্ক বহাল রয়েছে। সেক্ষেত্রে সংসার করতে পারবেন।কিন্তু ইদ্দত শেষ হওয়ার পর রুজু করে থাকলে নতুন বিবাহ ছাড়া একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করা বৈধ হবে না।

সপ্তম ঘটনা: স্বামী তালাক অস্বীকার করলে গুনাহ কার হবে? : স্বামী যদি বাস্তবে তালাক দিয়ে থাকেন এবং শরিয়তসম্মতভাবে বৈবাহিক সম্পর্ক পুনঃস্থাপিত না হওয়া সত্ত্বেও জেনেশুনে স্ত্রীকে নিয়ে স্বামী-স্ত্রীর মতো সংসার করেন, তাহলে তিনি গুনাহগার হবেন।


الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

فان طلقها فلا تحل له حتى تنكح زوجا غيره

الدر المختار (٤/٥٢٦)

كنايته عند الفقهاء ما لم يوضع له اى الطلاق واحتمله و غيره

الهداية (٢/٣٧٣)

الكنايات ما خفى المراد منه لتوارد الاحتمالات لا تطلق بها الا بنية او دلالة الحال

قواعد الفقه ٥٧

اكبر الراي بمنزله اليقين فيما لا يمكن الوقوف على حقيقته بمنزلة الحقيقة

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা