মুহতারাম! মাহমুদ খুব ভালো ছেলে। তার প্রতিবেশী এক দুষ্ট মেয়ে বহুবার তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে কখনোই রাজী না হওয়ায় একদিন কয়েকজন মিথ্যা সাক্ষী এবং কাজী অফিসের ভুয়া প্রমাণাদী সংগ্রহ করে মাহমুদের সাথে তার বৈবাহিক সম্পর্কের দাবী করে। আদালতও মেয়ের পক্ষে রায় দেয়। এমতাবস্থায় তাদের সংসার করার বিধান কী?
নিবেদক: মোঃ ইব্রাহিম খাঁন
الجواب بملهم الصدق والصواب
হানাফি মাযহারের গ্রহণযোগ্য মতানুযায়ী কোনো নারী/ পুরুষ বিবাহ বৈধ এমন কোনো পুরুষ / নারীর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে কাজীর নিকটে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দাবী উত্থাপন করত: কাজী দলীল-প্রমানের বিবেচনায় বিচারনীতি অনুযায়ী তাদের উভয়কে স্বামী-স্ত্রী হিসাবে ফায়সালা দিলে তারা একে অপরের জন্য হালাল হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মেয়ের সকল সাক্ষী ও এভিডেন্স মিথ্যা হওয়া সত্ত্বেও কাজী শরয়ী বিচার নীতি অনুযায়ী বিবাহের ফায়সালা করে থাকলে মাহমুদের জন্য তার সাথে ঘর-সংসার করা বৈধ হবে। অন্যথায় নয়। তবে মাহমুদ সাহেব সংসার করতে আগ্রহী হলে সতর্কতা স্বরূপ বিবাহর নবায়ন করে নেওয়া উচিত। অন্যথায় সংসার করতে না চাইলে তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া জরুরী।
রেফারেন্স: (শামী-৪/১৪৪ আজহার, বাহরুর রায়েক ৩/১৯০ জাকারিয়া, ফতোয় হিন্দিয়া-১/৩৪৮ জাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল