মুহতারাম! হাসান সাহেব তার মেয়েকে, মেয়ের অমতে এক ছেলের সাথে বিবাহ দেন। ফলে মেয়ে পরের দিন তার প্রেমিক ছেলের সাথে পালিয়ে গিয়ে কাজি অফিসে বিবাহ করে। পরবর্তীতে গ্রাম্য শালিসে মেয়ের বাবা ছেলের পক্ষকে বিবাহতে যাবতীয় খরচের জরিমানা দেওয়ার ফায়সালা হয়। জানার বিষয় হলো; উল্লেখিত সুরতে মেয়ের দ্বিতীয় বিবাহ কি সহীহ হয়েছে? এবং ছেলের পক্ষের জন্য বিবাহতে যাবতীয় খরচের জরিমানা মেয়ের বাবা হতে আদায় করা বৈধ হবে কি?
নিবেদক: দিদার বিন খোরশেদ
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্কা নারীর বিবাহ সহিহ হওয়ার জন্য উক্ত বিবাহে তার মৌখিক কিংবা কার্যত সম্মত থাকা শর্ত। অন্যথায় বিবাহ সংঘটিতই হয় না। আর কারো বিবাহধীন নারীর জন্য স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ ব্যতিত অন্যত্রে বিবাহ বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে হাসান সাহেব মেয়ের স্পষ্ট দ্বিমত ও অসম্মতি সত্ত্বেও তার মেয়ের বিবাহ সম্পাদন করে থাকলে উক্ত বিবাহসহিহ হবে না। ফলে এমতাবস্থায় মেয়েটি তার প্রেমিক ছেলের সাথে সঠিক নিয়মে বিবাহ সম্পাদন করার ক্ষেত্রে ছেলে তার কুফুযুক্ত হলে উক্ত বিবাহ সহিহ বলে গণ্য হবে। অবশ্য ছেলে কুফু বহির্ভূত হলে তার উক্ত বিবাহ বিজ্ঞ ফুকাহায়ে কেরামের একাংশের ভাষ্যমতে সহিহ হবে না। তবে প্রথম বিবাহের ক্ষেত্রে হাসান সাহেবের মেয়ে তার অমত থাকার বিষয়টি প্রকাশ না করে থাকলে সে ক্ষেত্রে তার প্রথম বিবাহ সহিহভাবে সংঘটিত হয়ে গেছে। এবং সে উক্ত স্বামীর বিবাহধীন গণ্য হবে। আর স্বামীর অনিচ্ছা সত্ত্বেও মেয়েপক্ষ যে কোনভাবে বিবাহ ছিন্ন করলে স্বামী চাইলে মহর বাবত প্রদত্ত অর্থ ফেরত নিতে পারবে। এর বেশি নয়। তবে বিবাহ শুদ্ধ না হলে সে ক্ষেত্রে ব্যয়কৃত অর্থ ফেরত নেওয়া শরিয়া আইনে অনুমোদিত না হলেও সামাজিক প্রচলন বা রাষ্ট্রীয় আইনে বৈধ থাকলে ছেলেপক্ষের জন্য তা দাবি করার সুযোগ আছে।
রেফারেন্স: (রদ্দুল মুহতার ৬/১৯৯ আগহার, আস বাহরুর রায়েক ৪/২৪২- যাকারিয়া, মাহমুদিয়া ১১/৭৭ ফারুকির করাচ্ছি,)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল