মুহতারাম, জনাব নাফিস সাহেব একজন প্রাপ্তবয়স্ক বালক। সে অবৈধ সম্পর্কে জড়িত নয়, কিন্তু প্রতিনিয়ত পর্নোগ্রাফি সহ হস্তমৈথুনের সাথে এষ্টিত। কিন্তু তার কোন ইনকাম নেই যে, সে বিবাহ করবে। আর তার বাবাও সচ্ছল না যে, ছেলের সংসার চালাবে। জানার বিষয় হল; এমতাবস্থায় তার উপর বিবাহের হুকুম কি? আর বিবাহ কখন ওয়াজিব, কখন সুন্নত ও মুস্তাহাব হয়? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোঃ আবু সালেহ বগুড়া
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর মোহর এবং ভরণপোষণ দেওয়াসহ যাবতীয় অধিকার পূরণে সামর্থ্যবান প্রাপ্তবয়স্কদের জন্য যিনায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা না হলে বিবাহ করা সুন্নত বা মুসতাহাব। আর ব্যাভিচারে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা হলে এবং তা হতে বেঁচে থাকা সম্ভব না হলে বিবাহ করা ওয়াজিব। আর স্ত্রীর প্রতি জুলুম বা তার হক আদায়ে আশঙ্কা বোধ করলে সেক্ষেত্রে বিবাহ করা মাকরূহ।
সুতরাং প্রশ্নোক্ত নাফিস সাহেব বাক্তিগত ও পারিবারিকভাবে স্ত্রীর মোহর ও ভরণ-পোষণ প্রদানে সমর্থ্যবান না হওয়ায় তার জন্য বিবাহ করা মাকরুহ হবে বটে; তবে তার জন্য দ্রুত সময় নিজ সামর্থ অনুযায়ী উপার্জনের ব্যবস্থা করে বিবাহের ব্যবস্থা করা অপরিহার্য। উল্লেখ্য: হস্তমৈথুন ও অশ্লীল সিনেমা পর্ণোগ্রাফি দেখা সম্পূর্ণ হারাম। তাই তার জন্য হাদিসে বর্ণিত পন্থায় রোজা ইত্যাদির মাধ্যমে সংযত থেকে গর্হিত কার্যাবলী থেকে বিরত থাকা একান্ত কর্তব্য।
রেফারেন্স: (তাবরীসুল হাকায়েক ২/৪৪৬- যাকারিয়া, আল বাহরুর রায়েক ৩/১৪০-বাকারিয়া, রদদুল মুহতার ৪/৭০- আযহার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল