মুহতারাম! জনাব মাহফুজ সাহেব প্রচণ্ড শীতের কারণে ইহরাম অবস্থায় রাতে চাদর দিয়ে মাথা ও মুখ ঢেকে ঘুমান। জানার বিষয় হলো, শীতের তীব্রতার কারণে মাথা ও মুখ ঢাকার দরুন তাঁর ওপর দম বা সদকা ওয়াজিব হবে কি না? এবং হলেও কী পরিমাণ হবে? বিষয়টি বিস্তারিত জানাবেন।

নিবেদক: মাহমুদ বিন কাশেম।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী মূলনীতি অনুযায়ী, ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ও মুখ ঢাকা বৈধ নয়। অবশ্য শরয়ী কোনো ওজরের কারণে মাথা-মুখ ঢাকলে গুনাহ হবে না বটে, তবে জাযা তথা জরিমানা আরোপিত হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব মাহফুজ সাহেব মুহরিম অবস্থায় শীতের তীব্রতার দরুন চাদর দ্বারা মাথা-মুখ ঢাকার ক্ষেত্রে তা যদি পূর্ণ রাত পরিমাণ সময় থেকে কম হয়, তাহলে জাযা স্বরূপ তাঁর ওপর একটি রোজা রাখা কিংবা একজন দরিদ্রকে এক সদকাতুল ফিতর পরিমাণ দান করা আবশ্যক।

অবশ্য তিনি যদি পূর্ণ রাত তথা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মাথা-মুখ ঢেকে রাখেন, তাহলে তাঁর ওপর জাযা স্বরূপ একটি দম (কোরবানি), অথবা ছয়জন মিসকিনকে ছয়টি সদকাতুল ফিতর পরিমাণ সদকা করা, কিংবা তিনটি রোজা রাখা, এর মধ্যে যেকোনো একটি পালন করা আবশ্যক হবে।

রেফারেন্স: আদ্দুররুল মুখতার, ৩/৬৭১, মাকতাবা আযহার। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ৩৯৩, মিসবাহ। আদ্দুররুল মুখতার, ৩/৬৫৭, মাকতাবা আযহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল