মুহতারাম! জনাব শারাফাত সাহেব তার চাচাকে বললেন আপনাকে উকিল বানালাম, আপনি একজন মেয়ে দেখে শুনে তার সাথে বিবাহ দিয়ে দেন। চাচা তার ছোট মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দিলেন। জানার বিষয় হল; চাচা একই সাথে দুই পক্ষের উকিল হতে পারবে কি? আর তার সাথে বিবাহ বাতিল করতে হলে করণীয় কি?
নিবেদক: রাকিবুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে একই ব্যক্তি বর-কনে উভয় পক্ষের অভিভাবক বা উকিল কিংবা একপক্ষের অভিভাবক এবং অন্য পক্ষের উকিল হতে পারে। তবে উকিল নিজের অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথেই মুয়াক্কিলের বিবাহ সম্পাদন করা বৈধ নয়। এতে বিবাহ সংঘটিতই হয় না। কেননা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে অভিভাবকের কোন "আকদ (চুক্তি) করা নিজের সাথেই চুক্তি করার নামান্তর।
অতএব, প্রশ্নোক্ত শারাফাত সাহেবের চাচা তার বিবাহের উকিল নিযুক্ত হয়ে অভিভাবক হিসেবে নিজ ছোট মেয়েকেই শারাফাত সাহেবের সাথে বিয়ে দেয়ার ক্ষেত্রে মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে থাকলে বিবাহ সংঘটিত হয়ে যাবে। এক্ষেত্রে কোন কারণবশত বিবাহ বিচ্ছেদ করতে হলে তালাকের বিকল্প নেই। তবে মেয়ে অপ্রাপ্তবয়স্কা হয়ে থাকলে উক্ত বিবাহ সংঘটিতই হবে না। ফলে বিবাহ বাতিল করার কোন প্রয়োজন নেই।
রেফারেন্স: (রদ্দুল মুহতার ৬/২১১ আজহার, আব্দুরুল মুখতার ৩/২১৩ আজহার, তাতারখানিয়া ৩/১৪৬ ফারুকির)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল