মুহতারাম! জনাব জিহান সাহেব বিবাহ করেন। কিছুদিন পর তাদের একটি সন্তান হয়। সন্তান হওয়ার পর তার স্ত্রী বলল যে, এই বাচ্চার দেখাশোনা আমার দায়িত্ব না। আপনি এর জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহণ করুন। জানার বিষয় হল; সন্তানের দেখাশোনার দায়িত্ব কি মায়ের নাকি বাবার। উল্লেখিত পরিস্থিতিতে স্বামীর করণীয় কি?
নিবেদক: মো মুহিববুল্লাহ চাটগামী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নবজাতক সন্তানের দেখাশুনা ও লালন পালনের দায়িত্ব মৌলিকভাবে বাবার উপর বর্তায়, মায়ের উপর নয়। তবে সন্তানের দেখাশোনার জন্য কাউকে (পারিশ্রমিকের বিনিময়ে) পাওয়া না গেলে অথবা সন্তান তার মা ছাড়া অন্য কারো দুধ পান না করলে সেক্ষেত্রে দুধ পান করানো এবং দেখাশোনার দায়িত্ব মায়ের উপরেই বর্তাবে।
অতএব প্রশ্নোক্ত জিহান সাহেবের উক্ত সন্তানের লালন-পালনের দায়িত্ব তার উপরই বর্তাবে। ফলে এক্ষেত্রে তার স্ত্রী তার সন্তানের দেখাশোনা করতে অস্বীকৃতি জানানোর কারণে তার জন্য (পারিশ্রমিকের বিনিময়ে হলেও) সন্তানকে দুধ পান করানোর ধাত্রী এবং দেখাশোনার জন্য লোক নিয়োগ দেয়া একান্ত কর্তব্য। অবশ্য এরূপ কোন উপায় বের না হলে নিরুপায় পরিস্থিতিতে স্ত্রীকেই বাচ্চার দুধ পান ও দেখাশোনার দায়িত্ব গ্রহণ করতে হবে।
রেফারেন্স: (আদুরুল মুখতার ৫/৩৫৪, ৩৫৫ আজহার, ফাতরূন বাদীর ৪/৩৭২ রশীদিয়া, আল বাহরুর রায়েক ৩/৩৪৩ বরকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল