মুহতারাম! আমাদের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান মিষ্টার সজীব ওয়াজেদ জয়। তিনি এক খৃষ্টান নারীকে বিবাহ করেন। পরবর্তিতে মাননীয় প্রধানমন্ত্রি দাবী করেন যে, আহলে কিতাব বা কিতাবিদের সাথে বিবাহ করা যায়েজ আছে। জানার বিষয় হলো; কোরআনে বর্ণিত আহলে কিতাবের মধ্যে আমাদের যুগের খৃষ্টান অন্তর্ভুক্ত কি না? এবং বর্তমান খৃষ্টানদেরকে আমাদের মুসলমান ভাইয়েরা বিবাহ করতে পারবে কি না? বিবাহ করে ফেললে বিধান কি?
নিবেদক: যুবায়ের সাঈদ।
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে প্রকৃত আহলে কিতাব যারা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর প্রেরিত কোন নবী ও কিতাবের প্রতি বিশ্বাস রাখে, এমন আহলে কিতাবী মহিলাদেরকে বিবাহ করার অনুমতি শরীয়তে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদেরকে বিবাহ করার মাধ্যমে কুফরীসহ অন্যান্য ঈমান বিধ্বংসী ফেৎনায় পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকায়, তাদেরকে বিবাহ করা থেকে বেঁচে থাকা কাম্য। আর যদি প্রকৃত আহলে কিতাব না হয়ে নামে মাত্র আহলে কিতাব হয়, যারা বাস্তবে বস্তুবাদী, নাস্তিক, তাদেরকে কোন অবস্থাতেই বিবাহ করা জায়েজ নয়।
অতএব, অনেক আলেমের মতানুযায়ী আমাদের যুগের অধিকাংশ খৃষ্টান নামে মাত্র খ্রিস্টান হলেও বাস্তবে নাস্তিক-বস্তুবাদী তাই ব্যাপকভাবে তাদেরকে কুরআনে বর্ণিত আহলে কিতাবের অন্তর্ভুক্ত গণ্য করা মুশকিল। বিধায়, তাদের সাথে নির্বিচারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ঠিক হবে না। হ্যাঁ, নিশ্চিত আহলে কিতাব জানা গেলে বিবাহ সহিহ হবে।
রেফারেন্স: (ফাতহুল কদীর -৩/২১৮ জাকারিয়া, আহসানুল ফাতাওয়া-৫/৯০ জাকারিয়া, মাজমাউল আনছর ১/৪৭৩ মানার, বিকায়া ৩/৪৪ দল.কুই)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল