মুতারাম! খালেদ সাহেব বিবাহিত। একদিন তিনি ঢাকার এক রিসোর্টে একটি মেয়ের সাথে ধরা খান। পরে তিনি শপথ করে বলেন ঐ মেয়ে তার ২য় স্ত্রী। তবে এ সম্পর্কে তার প্রথম স্ত্রী বা পরিবারের কেউ জানেন না এবং তাকে কাবিননামা দেখানোর জন্য বলা হলে সেটাও দেখাতে পারেন না। জানার বিষয় হল; প্রথম স্ত্রী বা পরিবারের কাউকে না জানিয়ে দেশের আইন মোতাবেক এভাবে দ্বিতীয় বিবাহ করা বৈধ হবে কিনা? আর কাবিননামা ব্যতীত শুধুই শপথের মাধ্যমে খালেদ সাহেবকে সত্যায়ন করা হবে কিনা?

 

নিবেদক: ওসমান গনি

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে একজন স্বাধীন সামর্থবান পুরুষের জন্য একই সাথে চারটি পর্যন্ত বিবাহ করার অধিকার আছে। আর বিবাহ সহিহ হওয়ার জন্য কাবিননামা রেজিস্ট্রি করা বা একাধিক বিবাহের ক্ষেত্রে অপর স্ত্রী থেকে অনুমতি গ্রহন করা আবশ্যক নয়, বরং শরয়ী নীতিমালা অনুসারে বিবাহ সম্পন্ন হওয়াই এক্ষেত্রে মূল বিষয়।

সুতরাং প্রশ্নোক্ত জনাব খালেদ সাহেবের জন্য প্রথম স্ত্রী বা পরিবারের কাউকে না জানিয়েই ২য় বিবাহ করা বৈধ বলেই বিবেচিত হবে।  এক্ষেত্রে তার সঙ্গে থাকা মহিলাকে নিজ স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়া উপরন্তু এমর্মে শপথ করাই তাকে সত্যায়ন করার জন্য যথেষ্ঠ। এক্ষেত্রে কাবিননামা প্রদর্শন শরয়ীভাবে আদৌ জরুরী নয়। অবশ্য এক্ষেত্রে উভয় স্ত্রীর প্রতি ইনসাফ বজায় রাখা জরুরী।

রেফারেন্স: (আল-কুরআন সুরা নিসা, আয়াত ৩/ সুনানে তিরমিজি ১/২৪৯ ইসলামিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল