প্রশ্ন : মুহতারাম! কোনো স্ত্রী নিয়মিত নামাজ আদায় করে না এবং বিভিন্ন অসৎ কাজে লিপ্ত থাকে।স্বামী তাকে বারবার সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়।জানতে চাই, এমন পরিস্থিতিতে স্ত্রীকে তালাক দেওয়া কি উত্তম, নাকি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা উচিত?

 

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। কোনো স্ত্রী নামাজ আদায় না করলে এবং স্বামীর বারবার নসিহত ও সংশোধনের চেষ্টা সত্ত্বেও অবাধ্যতা ও অসৎ কাজে লিপ্ত থাকলে স্বামীর কর্তব্য হলো তাকে উত্তম পন্থায় সংশোধনের চেষ্টা করা। প্রয়োজনে শরিয়তের নির্ধারিত সীমার মধ্যে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে; তবে কোনো অবস্থাতেই জুলুম, নির্যাতন বা ক্ষতিসাধন করা বৈধ নয়। যদি এতদসত্ত্বেও স্ত্রী সংশোধিত না হয় এবং স্বামী তার মোহরানা পরিশোধ করতে সক্ষম হয়, তাহলে এমন স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া উত্তম। তবে পারিবারিক কল্যাণ, সংশোধনের আশা কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য মসলাহাতের কারণে তাকে বিবাহবন্ধনে বহাল রাখলেও শরিয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী নামাজ আদায় না করলে এবং বারবার নসিহত করার পরও সংশোধিত না হলে, পরিস্থিতি বিবেচনায় তাকে তালাক দেওয়া উত্তম হতে পারে। তবে সংসার টিকিয়ে রাখার মধ্যে কল্যাণের আশা থাকলে তাকে সঙ্গে রাখারও অবকাশ রয়েছে।

 

সূত্র:১. রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, ৪/৪২৮, জাকারিয়া।২. বাদায়েউস সানায়ে, ৩/৪১৪, জাকারিয়া।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা