প্রশ্ন : মুহতারাম! কোনো ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক-ই রাজঈ দেওয়ার পর ইদ্দতের মধ্যে রাজআত করল।এরপর একই পবিত্রতার মধ্যে স্ত্রীকে পুনরায় তালাক দিল।জানতে চাই, এ অবস্থায় দ্বিতীয় তালাকের শরয়ি বিধান কী?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক তালাক-ই রাজঈ প্রদানের পর ইদ্দতের মধ্যে স্বামী মৌখিকভাবে কিংবা দাম্পত্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজআত করতে পারে। রাজআতের পরও পূর্বের পবিত্রতার অবস্থা বহাল থাকে। তাই উক্ত পবিত্রতায় সহবাস না হয়ে থাকলে পুনরায় তালাক প্রদানে কোনো অসুবিধা নেই।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি স্ত্রীকে তালাক-ই রাজঈ দেওয়ার পর একই পবিত্রতায় রাজআত করলে এবং এরপর সহবাস করার আগেই পুনরায় তালাক প্রদান করলে তা জায়েজ হবে। এ কারণে উক্ত তালাককে খিলাফে সুন্নাত বলা হবে না।
সূত্র:. ফাতাওয়া হিন্দিয়া, কিতাবুত তালাক, ১ম খণ্ড, ৩৩৩ পৃষ্ঠা, মাকতাবা জাকারিয়া।. বাদায়েউস সানায়ে, ৩য় খণ্ড, ১৪৩ পৃষ্ঠা, মাকতাবা জাকারিয়া।. আল-বাহরুর রায়েক, ৩য় খণ্ড, ৬১৯ পৃষ্ঠা, মাকতাবা জাকারিয়া।. তাবয়ীনুল হাকায়েক, ৩য় খণ্ড, ৩২ পৃষ্ঠা, মাকতাবা জাকারিয়া।. ফাতহুল কাদীর, ৩য় খণ্ড, ৬২৪ পৃষ্ঠা।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা