মুহতারাম! আমার খালাতো ভাই বাসর রাতে তার স্ত্রীকে বলল, ‘তুমি আমাকে কতটুকু মহব্বত কর?’ তার স্ত্রী বলল, ‘আমি তোমাকে অনেক মহব্বত করি।’ আমার খালাতো ভাই বলল, ‘আমি বিশ্বাস করি না।’ পরে স্ত্রী বলল, ‘তুমি যা বলবে, আমি তাই করব।’ তখন খালাতো ভাই বলল, ‘তাহলে তুমি আজ রাতেই তোমার মোহরের টাকা থেকে আমাকে মুক্ত করে দিতে হবে।’ তখন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য অথবা মন থেকে বলল, ‘ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিলাম।’ জানার বিষয় হলো, এমতাবস্থায় মোহরের টাকা মাফ হবে কি না? মোহরের টাকা মাফ করার দ্বারা তা মাফ হয়ে যায় কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, মহর স্ত্রীর একান্ত অধিকার। ফলে স্ত্রী স্বেচ্ছায় নিজ অধিকার রহিত করে মহর হ্রাস করলে বা সম্পূর্ণ ক্ষমা করে দিলে তা ধর্তব্য হবে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার খালাতো ভাইয়ের স্ত্রী যদি স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে নিজের মহরের টাকা ক্ষমা করে তাঁকে মহর থেকে মুক্ত করে দিয়ে থাকেন, তাহলে তা মাফ হয়ে যাবে। পরবর্তীতে স্ত্রীর জন্য উক্ত মহর দাবি করার কোনো অবকাশ থাকবে না।
অবশ্য, এক্ষেত্রে স্ত্রী যদি লোকলজ্জা বা পরিস্থিতির চাপে পড়ে শুধু মৌখিকভাবে মহর মাফ করে থাকেন, তাহলে তা মাফ হবে না; বরং পরবর্তীতে স্ত্রী তা দাবি করতে পারবেন।
(মাজমাউল বাহরায়েন ৪৬১/দারুল কুরুকুল ইসমিয়া, আল-হিদায়া ৩/৫৮বুশরা
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা