মুহতারাম! জাহিদ সাহেব একটি মেয়েকে বিবাহ করার পর জানতে পারলেন, মেয়েটি আসলে কাদিয়ানী আকিদায় বিশ্বাসী। এরপর তিনি প্রথম বিবাহের বন্ধন ছিন্ন না করেই ওই মেয়ের ছোট বোনকে বিবাহ করেন, যিনি সুন্নি আকিদায় বিশ্বাসী। জানার বিষয় হলো, কাদিয়ানী মেয়ের সঙ্গে তাঁর বিবাহের হুকুম কী? আর কাদিয়ানী মেয়েটি তাঁর বিবাহে থাকা অবস্থায় তার ছোট বোনকে বিবাহ করার হুকুম কী? বিস্তারিত জানাবেন।
নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, মুসলিম ব্যক্তির জন্য কোনো কাফের নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। উপরন্তু, এ ধরনের বিবাহ শরিয়তের দৃষ্টিতে সংঘটিতই হয় না। আর সর্বসম্মতভাবে কাদিয়ানী আকিদায় বিশ্বাসী ব্যক্তি কাফের।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে জাহিদ সাহেবের সঙ্গে কাদিয়ানী মেয়েটির বিবাহ সংঘটিত হয়নি। ফলে এ অবস্থায় তার ছোট বোনের সঙ্গে সম্পাদিত বিবাহ অন্যান্য শর্তাবলি বিদ্যমান থাকলে সহিহ বলে বিবেচিত হবে।
তথ্যসূত্র: আল-কুরআন, সূরা আল-বাকারা, আয়াত ২২১; মুখতাসারুল কুদুরি, পৃষ্ঠা ৪৭২, বুশরা।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা