মুহতারাম! আমার বাবার মসজিদ এলাকার হুমায়ুন নামের এক ভাই কয়েক বছর আগে বিয়ে করেছেন। তাঁদের ঘরে তিনটি সন্তান রয়েছে। আর্থিক দিক দিয়ে তিনি কিছুটা দুর্বল। তাই তাঁর স্ত্রী স্বামী-সন্তানদের রেখে অন্য একজনের হাত ধরে চলে যান। স্ত্রী নিজেই তালাকনামায় স্বাক্ষর করে হুমায়ুন সাহেবের কাছে পাঠিয়ে দেন। কিন্তু তিনি তাতে কোনো স্বাক্ষর করেননি। জানার বিষয় হলো, হুমায়ুন সাহেব স্বাক্ষর না করায় তাঁর স্ত্রীর তালাক হয়েছে কি না? এ ক্ষেত্রে করণীয় কী?

নিবেদক: সালমান আহমদ, কুমিল্লা।

 


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা হলে স্ত্রী সেই ক্ষমতার পরিধি অনুযায়ী তালাক গ্রহণ করতে পারবেন। অন্যথায় নয়।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে হুমায়ুন সাহেব যদি তাঁর স্ত্রীকে পূর্বে তালাকে তাফওয়ীজের ক্ষমতা অর্পণ করে থাকেন, তাহলে তাঁর স্ত্রী উক্ত ক্ষমতাবলে তালাকনামায় স্বাক্ষর করার দ্বারাই তালাক কার্যকর হয়ে যাবে। এক্ষেত্রে তাঁর স্ত্রী ইদ্দত পালন করে থাকলে অন্যত্র বিবাহ করলে উক্ত বিবাহ সহিহ বলে বিবেচিত হবে। অন্যথায় নয়। পক্ষান্তরে, হুমায়ুন সাহেব যদি তাঁর স্ত্রীকে তালাকে তাফওয়ীজের ক্ষমতা অর্পণ না করে থাকেন, তাহলে তাঁর স্ত্রীর স্বাক্ষরের দ্বারা শরিয়তের দৃষ্টিতে তালাক কার্যকর হবে না। ফলে প্রথম স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে থাকা অবস্থায় অন্যত্র সম্পাদিত বিবাহ সহিহ হবে না; বরং তিনি প্রথম স্বামীর স্ত্রী হিসেবেই বিবেচিত হবেন।

বিশেষ দ্রষ্টব্য: তালাকনামায় স্বামীর স্বাক্ষর না থাকাই তালাক কার্যকর না হওয়ার চূড়ান্ত কারণ নয়; বরং স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হয়েছিল কি না, সেটিই এখানে মূল বিবেচ্য।

আল-ফিকহুল হানাফি, ২/৭২, দারুল কলাম; আল-হিদায়া, ২/১৮১, বুশরা।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা