মুহতারাম, আমাদের পাশের বাড়ির দুই ভাই একসঙ্গে হজ পালন করতে যান। হজে গিয়েও তাঁরা একসঙ্গে থাকেন। ৯ জিলহজ আরাফার মাঠে কিছুক্ষণ অবস্থান করার পর এক ভাই আরেক ভাই থেকে হারিয়ে যান। একজন আরেকজনকে খুঁজতে গিয়ে উভয়েই আরাফার মাঠের বাইরে চলে যান। মাগরিবের আগে আর আরাফার মাঠে প্রবেশ করেননি; বরং মুজদালিফায় চলে যান।
জানার বিষয় হলো, তাঁদের হজ সহিহ হয়েছে কি না? সহিহ হলে দম ওয়াজিব হবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে হাজিদের জন্য জিলহজের ৯ তারিখ দ্বিপ্রহরের পর থেকে সুবহে সাদিকের মধ্যবর্তী সময়ে অল্প সময়ের জন্য হলেও আরাফায় অবস্থান করা ফরজ। আর সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। বান্দা কর্তৃক সৃষ্ট কোনো ওজরের কারণে ওয়াজিব ছুটে গেলে তার ওপর দম আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত দুই ভাই যথাসময়ে আরাফার ময়দানে অবস্থান করায় উকুফে আরাফার ফরজিয়াত আদায় হয়ে তাঁদের হজ সহিহ হয়ে গেছে। কিন্তু সূর্যাস্তের পূর্বে আরাফা থেকে বের হয়ে যাওয়ায় তাঁদের উভয়ের ওপর দম আবশ্যক হবে।
রেফারেন্স: দুররুল মুখতার: ৩/৬৬৩, আল-আযহার। ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/৫১৪, ফারুকিয়া। জাওয়াহিরুল ফিকহ: ৪/১৩৩, দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল