মুহতারাম! জনাব ইউসুফ আমেরিকার প্রবাসী। এদিকে বাংলাদেশে তার মা তার জন্য মেয়ে দেখে বিবাহের দিন তারিখ ঠিক করেন। উক্ত তারিখ অনুযায়ী মোবাইলে আমেরিকায় অবস্থানরত ইউসুফের সাথে উক্ত মেয়ের বিবাহ হয়। জানার বিষয় হলো এভাবে উনাদের মোবাইলের মাধ্যমে বিবাহ সহিহ হবে কিনা? না হলে মোবাইলে সহিহভাবে বিবাহের পদ্ধতি থাকলে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মুহম্মাদ, মুফীজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়ত মতে, বিবাহ সংঘটিত হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে সন্দেহাতীতভাবে উভয় পক্ষের ইজাব-কবুল সম্পন্ন হওয়া শর্ত। সুতরাং প্রশ্নোক্ত সূরতে কোনো প্রকার সন্দেহ ছাড়া সাক্ষীদ্বয় উভয় পক্ষের ইজাব-কবুল শুনে থাকলে মোবাইল ফোনের সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইউসুফের কৃত বিবাহ শুদ্ধ হয়ে যাবে।পক্ষান্তরে, কোনো প্রকার ছলচাতুরী বা সাক্ষীদ্বয়ের শোনার ব্যাপারে কোনো ধরনের সন্দেহের সম্ভাবনা থাকলে মোবাইল ফোনের মাধ্যমে সম্পাদিত উক্ত বিবাহ শুদ্ধ হবে না।
উল্লেখ্য, এক্ষেত্রে বিবাহ সম্পাদনের সংশয়মুক্ত পদ্ধতি হলো, দূরে অবস্থানরত পক্ষ কাউকে তার বিবাহের উকিল নিযুক্ত করার পর উক্ত উকিল অপর পক্ষ ও দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করবে।
(আদ্দুররুল মুখতার ৪/৯৭, আগহার, বাগীখান, ১/১৯৯, যাকারিয়া।, ফাতহুল কাদীর ৩/১৮৪, রশিদীয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা