মুহতারাম, আমি একজন শিক্ষার্থী। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং শিখছি। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছবি তৈরি করা এবং ভিডিও বানানোর প্রয়োজন হয়। অনেক সময় নিজের ছবি ব্যবহার করে কিংবা এআই (AI) দিয়ে সম্পূর্ণ কাল্পনিক মানুষের ছবি তৈরি করে বিভিন্ন কাজ করতে হয়। জানতে চাই, এআই প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের ছবি ও ভিডিও তৈরি করা শরিয়তের দৃষ্টিতে কতটুকু জায়েয? এ কাজের মাধ্যমে উপার্জিত অর্থ হালাল হবে কি?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ছবির বিধানের ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। অনেক ওলামায়ে কেরামের মতে, বিনা প্রয়োজনে কোনো প্রাণীর ছবি আঁকা বা তৈরি করা জায়েয নয়; চাই তা হাতে আঁকা বা তৈরি করা হোক কিংবা এআই (AI) দিয়ে তৈরি করা হোক।
অন্যদিকে, অনেক ওলামায়ে কেরাম ডিজিটাল ছবিকে (অর্থাৎ মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে থাকা এমন ছবি, যা প্রিন্ট করা হয়নি) শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে থাকেন।
সুতরাং, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধার্থে এআই (AI) দিয়ে ছবি ও ভিডিও তৈরি করতে পারেন। তবে এ ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো মেনে চলা আবশ্যক:
1) কোনো নারীর ছবি, অশ্লীল দৃশ্য, পর্দাহীনতা কিংবা কোনো হারাম পণ্য ও হারাম ব্যবসার প্রচারণার জন্য ছবি তৈরি করা যাবে না।
2) এডিটিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য থাকা যাবে না।
3) কোনো নারীর ছবি ব্যবহার করা যাবে না।
4) নিজের বা অন্য কারো ছবিতে এমনভাবে এডিটিং করা যাবে না, যার ফলে মূল পরিচয় গোপন হয়ে যায়, বিভ্রান্তি তৈরি হয়, ছবির বিকৃতি ঘটে বা কারো সম্মান ক্ষুণ্ন হয়।
5) অন্যের ছবি এডিটিংয়ের ক্ষেত্রে পূর্বেই তার অনুমতি নিতে হবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন
وَلَاتَعَاوَنُواعَلَىالْإِثْمِوَالْعُدْوَانِ
অর্থ: তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। [সূরা আল-মায়িদাহ: ২]
তথ্যসূত্র: তাফসিরুল মুনীর, ইমাম ওয়াহবা আয-যুহাইলী (১৮/২১৩)। আল-মুদাওয়ানাহ (১/১৮২)। হাশিয়াতুস সাওয়ী আলাশ শারহিস সগীর (২/৫০১)। আয-যাখীরা, ইমাম কারাফী (১৩/২৮৫)।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল