মুহতারাম আমাদের এলাকায় ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ের কিছু রোগ হয়। এমন রোগ যা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মত । কিন্তু তিনি তা গোপন রেখে মেয়েকে বিবাহ দিয়ে দেন। জানার বিষয় হলো বিবাহের পূর্বে পাত্রীর রোগ গোপন করে বিয়ে দিয়ে দিলে, এতে পাত্রীর অভিভাবকরা দায়ী হবে কি? এবং বিবাহের পর এই রোগের চিকিৎসার দায়ভার কার ওপর বর্তবে? ইল্লত সহ জানাবেন।
নিবেদক: মোঃ ওসমান গনি
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে পাত্র-পাত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের মৌলিক উদ্দেশ্য পূরণে প্রতিবন্ধক কোনো দোষ-ত্রুটি থাকলে বিবাহের সময় তা অপর পক্ষকে জানিয়ে দেওয়া জরুরি। যদি তা না জানিয়ে গোপন রেখেই বিবাহ দেওয়া হয়, তাহলে তা ধোঁকা হিসেবে গণ্য হবে এবং তারা গুনাহগার হবে। তবে এতে বিবাহ সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আর বিবাহের পর স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করা স্বামীর জিম্মায় আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইঞ্জিনিয়ার সাহেবের জন্য উচিত ছিল, বিবাহের সময় মেয়ের রোগের কথা উল্লেখ করা। কিন্তু তিনি যেহেতু তা গোপন রেখেই মেয়েকে বিবাহ দিয়েছেন, তাই তিনি গুনাহগার হবেন। আর বিবাহের পর এই রোগের চিকিৎসার ব্যয়ভার স্বামীর ওপর আবশ্যক হবে না; বরং তা স্ত্রীর জিম্মায় থাকবে। তবে স্বামী যদি নিজ ইচ্ছায় তা বহন করেন, তাহলে তা অনুগ্রহ ও হাদিয়া স্বরূপ হবে।
(বাদায়ে সানায়ে ৩/৪২৫ জাকারিয়া, ফাতহুল কাদীর ২/৩২৮ জাকারিয়া। মাজমায়ুল আবছর ২/১৮১ আল মানার।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা