মুহতারাম, আমাদের গ্রামের বাড়ীর দূরত্ব ঢাকা থেকে প্রায় ২৫০ কি: মি: নদীপথে লঞ্চে যেতে হয়। প্রায় লঞ্চেই নামাজের জন্য নির্ধারিত স্থান রয়েছে এবং কোন কোন লঞ্চে নির্ধারিত ইমামও রয়েছে যিনি সব সময় ঐ লঞ্চে অবস্থান করেন। সফরের দূরত্ব এবং শর্ত সমূহ বিদ্যমান থাকা সত্ত্বেও উক্ত ইমাম কসর করেন না। এ বিষয়ে উক্ত ইমাম সাহেবের নিকটে জানতে চাইলে তিনি বলেন, আমার জন্য চার রাকাতই পড়া উচিত। জানার বিষয় হল; উক্ত ইমাম চার রাকাত আদায় করবেন নাকি কসর করবেন এবং দীর্ঘদিন লঞ্চে অবস্থান করার ফলে মুকিম হিসেবে বিবেচিত হবেন নাকি মুসাফিরই থাকবেন?
নিবেদক: মোহাম্মাদ মাহমুদুল হাসান (ফিরোজপুর)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মুসাফির ব্যক্তির কোন স্থানে ইকামতের নিয়ত সহি হওয়ার জন্য উক্ত স্থান বসবাসের উপযুক্ত হওয়া শর্ত। আর সমুদ্র জাহাজ লঞ্চ ও নৌকা ইত্যাদি সাধারণত বসবাসের উপযোগী স্থান হিসেবে বিবেচিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত ইমাম সাহেব লঞ্চে অবস্থানকালীন সম্পূর্ণ সময় মুসাফির হিসেবে বিবেচিত হবেন। বিধায় মুকীম গণ্য না হওয়া অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজ কছর করবেন। ইমাম সাহেবের প্রদত্ত উত্তর সঠিক নয়। তবে লঞ্চটি তার এলাকায় প্রবেশ করে নোঙ্গর করলে তখন নামাজ পূর্ণ পড়বেন।
(কানয-১/১৪২ বুশরা, তুহফাতুল ফোকাহা ৭৬ মারুফিয়াহ, আল ফিকহুল হানাফী ১/৩১১-৩১২ দারুল কালাম)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল