প্রশ্ন:মুহতারাম! আমার পরিচিত এক ভদ্রলোকের ঢাকা শহরে কাপড় ওয়াশিংয়ের একটি বড় কারখানা আছে। কারখানার প্রয়োজনে তিনি সাবান, পাউডার, কেমিকেল, মেডিসিন, নীল ইত্যাদি জিনিসপত্র কয়েক বছরের জন্য একসঙ্গে কিনে রাখেন, যার মূল্য প্রায় ৭০-৮০ হাজার টাকা। জানার বিষয় হলো, এসব ব্যবসায়িক সরঞ্জামের ওপর যাকাত আসবে কি না? বিস্তারিত জানালে উপকৃত হব।
নিবেদক:জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী কল-কারখানা ইত্যাদিতে ব্যবহৃত যেসব সরঞ্জামাদির প্রভাব উৎপাদিত পণ্যে দৃশ্যমান হয় না, সেসব সরঞ্জামের ওপর যাকাত ফরজ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সাবান, পাউডার ও যেসব কেমিকেলের প্রভাব কাপড়ে দৃশ্যমান হয় না, সেগুলোর ওপর কোনো যাকাত আবশ্যক হবে না। অবশ্য নীল ও অন্যান্য যেসব মেডিসিন কাপড়ে প্রকাশ পায় তথা রং করার কাজে ব্যবহৃত হয়, সেসব সরঞ্জামের ওপর যাকাত আবশ্যক হবে।
রেফারেন্স:আদ-দুররুল মুখতার, (৩/২১৭, মাকতাবা আযহার)আল-বাহরুর রায়েক, (২/৩৬১, মাকতাবা যাকারিয়া)আল-ইনায়া, (২/১৭৩, মাকতাবা যাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল