মুহতারাম! কিছু ব্যক্তি প্রতিদিন এক জেলা থেকে অন্য জেলায় লঞ্চযোগে যাতায়াত করেন। তাদের যাতায়াতের মধ্যবর্তী দূরত্ব শরয়ী সফরের দূরত্ব (প্রায় ৭৮ কিলোমিটার) বা তার বেশি। তারা প্রতিদিন গন্তব্যে পৌঁছে আবার নিজ এলাকায় ফিরে আসেন। জানার বিষয় হলো; এভাবে দৈনিক আসা-যাওয়ায় কি তারা কসর নামাজ পড়বে নাকি পূর্ন নামাজ আদায় করবে। জানিয়ে বাধিত করবেন ।
নিবেদক: আসলাম মিয়া
الجواب بملهم الصدق والصواب
শরয়ী মূলনীতি অনুযায়ী সফরের দূরত্ব অতিক্রমের নিয়তে নিজ এলাকা ত্যাগ করলে মুসাফির বলে গণ্য হয় এবং এক্ষেত্রে নামাজ কসর করতে হয়। অবশ্য নিজ বাসস্থানে ফিরে আসলে বা সফর অবস্থায় ১৫ দিন বা তার চেয়ে বেশি দিন অবস্থানের নিয়ত থাকলে মুসাফির হিসেবে গণ্য হয়ে যায় এবং নামাজ পূর্ণ পড়তে হয়। পাশাপাশি একামতের নিয়ত সহিহ হওয়ার জন্য উক্ত স্থান বসবাসের উপযোগী আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যারা প্রতিদিন এক জেলা থেকে অন্য জেলা সফর করে তাদের সফরের মধ্যবর্তী দূরত্ব যদি ৭৮ কিলোমিটারহয়, তাহলে তারা নিজ এলাকা ত্যাগ করার পর মুসাফির বলে গণ্য হবে এবং পুনরায় নিজ এলাকায় প্রবেশের আশা আগ পর্যন্ত মুসাফিরের ন্যায় নামাজ কসর করতে হবে। তবে গন্তব্য স্থানে বা সফর অবস্থায় ১৫ দিন বা এর চেয়ে বেশি দিন অবস্থানে নিয়ত থাকলে নামাজ পূর্ণ পড়তে হবে। অবশ্য ১৫ দিন বা তার চেয়ে বেশি দিন লঞ্চে অবস্থানের নিয়ত করলেও তারা মুকিম হিসাবে গণ্য হবে না। কেননা নদীতে চলাচলের অবস্থায় বসবাস উপযোগী নয়। ফলে তারা নামাজ কসর করবে।
(ফাকোয়া সিরাজিয়া ৭৮ মাকতাবাতুল ইত্তিহাদ, সহীহুল বুখারী ১০৭০, তানবিরুল আবসার ২/৫৯৯ যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল