প্রশ্ন:মুহতারাম! আমাদের এলাকার আলিয়া মাদরাসার মুহতামিম সাহেব এলাকা থেকে যাকাতের টাকা সংগ্রহ করেন এবং তা দিয়ে শিক্ষকদের বেতন পরিশোধ করে থাকেন। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শিক্ষকগণ ছাত্রদের পড়িয়ে থাকেন। তাই তাঁদের বেতন দেওয়া ছাত্রদের হক। ফলে তিনি যাকাতের টাকা দিয়ে তাঁদের হক আদায় করে থাকেন। জানার বিষয় হলো, উক্ত মুহতামিম সাহেবের যুক্তি ও কর্মপন্থা সহিহ কি না? বিস্তারিত জানাবেন।
নিবেদক:মো. শাহাদাত হোসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে কিংবা উপযুক্ত ব্যক্তির পক্ষ থেকে নিযুক্ত উকিলকে যাকাতের অর্থ প্রদান করার দ্বারা যাকাত আদায় হয়ে যায়। আর ওলামায়ে কেরামের বিশ্লেষণধর্মী মতানুসারে, ব্যাপক প্রচলনের ভিত্তিতে মাদরাসার মুহতামিমগণ যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রদের পক্ষ থেকে যাকাতের অর্থ সংগ্রহ ও তাঁদের স্বার্থে ব্যয় করার জন্য উকিল হিসেবে বিবেচিত হন।
ফলে যাকাতের অর্থ ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট খাতে তাঁদের তাসাররুফ ছাত্রদের তাসাররুফের স্থলাভিষিক্ত হবে।
সুতরাং, আলোচ্য বিবরণ অনুযায়ী, মুহতামিম সাহেব বা যাকাত ফান্ডের দায়িত্বে নিয়োজিত শিক্ষক/স্টাফ যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রদের পক্ষ থেকে উকিল হিসেবে বিবেচিত হয়ে যাকাতের অর্থ সংগ্রহ করে বেতনভুক্ত ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকবেতন ইত্যাদি খাতে ব্যয় করার অবকাশ আছে।
যদি মুহতামিম সাহেব এ পন্থা অবলম্বন করেন, তবে তাঁর উক্ত যুক্তি যথার্থ। অন্যথায়, ছাত্রদের ওপর পূর্ব থেকে বেতন ধার্য করা না থাকলে কিংবা মাদরাসায় যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্র না থাকলে এমনটি করার অবকাশ নেই।
রেফারেন্স:তানভীরুল আবসার, ৩/২৮৩, যাকারিয়াবাদায়েউস সানায়ে, ১/৪৭৬, দারুল হাদিস
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল