প্রশ্ন:মুহতারাম, জনাব মোসলেহ সাহেব তাঁর স্ত্রীকে চার ভরি স্বর্ণ কিনে দেন। এ ছাড়া তাঁর স্ত্রীর আর কোনো সম্পদ নেই। তাই তিনি কোনো যাকাত দেন না। একদিন তাঁর স্ত্রীর পুরোনো ভ্যানিটি ব্যাগে কিছু খুচরা পয়সা পাওয়া গেল। জানার বিষয় হলো, চার ভরি স্বর্ণ ও কিছু খুচরা পয়সা থাকলে রুপার নিসাবের মূল্য হিসেবে তাঁর ওপর কি যাকাত আসবে? একজন আলেম বলেছেন, এমন খুচরা টাকা তো সবারই থাকে। এগুলো থাকা-না থাকা ধর্তব্যের বিষয় নয়। তাই কোনো যাকাত আসবে না। বিষয়টির সঠিক সমাধান চাই।

নিবেদক:মাসুদ মুহসিন


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে স্বর্ণ, রুপা ও টাকা—এই তিনটির কোনোটিই যদি স্বতন্ত্রভাবে যাকাতের নিসাব পরিমাণ না হয়, তবে সবগুলো মিলিয়ে যদি রুপার নিসাব পরিমাণ হয়, তবুও তার ওপর যাকাত ফরজ হবে।

সুতরাং, প্রশ্নোক্ত জনাব মোসলেহ সাহেবের স্ত্রীর কাছে চার ভরি স্বর্ণের সঙ্গে কিছু খুচরা পয়সা থাকায় গরিবদের উপকারের প্রতি লক্ষ্য রেখে রুপার নিসাবের মূল্যের সঙ্গে হিসাব করে যাকাত আদায় করতে হবে।

রেফারেন্স:মুখতাসারুল কুদুরি, পৃষ্ঠা ১৭৩, বুশরাসাজমহল বাহরাইন, পৃষ্ঠা ১৮৯, দারুল কুতুবতুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ১২৯, মারুফিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল