মুহতারাম! আমি গাজিপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ফরিদপুরে আমার এক আত্মীয়ের বাসায় একদিন অবস্থান করি। সেখানে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ফরিদপুরের স্থানীয় আরো অনেক আত্মীয় একত্রিত হন। যোহরের নামাযের সময় হলে আমাকে ইমাম বানানো হয়। আমি যে মুসাফির তা ভুলে চার রাকাআত নামায পড়ে ফেলি। সালাম ফেরানোর পর আমার মামা আমাকে স্মরণ করিয়ে দেন যে আমি মুসাফির। তখন আমার ফুফা (যিনি আলেম) পূনরায় ইমামতি করে নামায পড়িয়ে দেন। এখন আমার জানার বিষয় হলো, আমার ইমামতির অবস্থায় আমার চার রাকাআত নামায এবং মুক্তদিদের নামায কি সহিহ হয়েছে? আমার ফুফা যা করেছেন তা কি ঠিক হয়েছে?

নিবেদক: নাজমুস সাকিব


الجواب بملهم الصدق والصواب


হানাফি মাযহাব মতে শরয়ী সফরে চার রাকাআত ফরজের স্থলে দুই রাকাআত পড়া আবশ্যক। অবশ্য ভুলবশত দ্বিতীয় রাকাআতে বৈঠক করত: আরো দুই রাকাআত আদায় করে ফেললে শেষে সেজদায়ে সাহু করার শর্তে শেষ দুই রকাআত নফল হিসেবে গন্য হয়ে পুরো নামায সহিহ হয়ে যায়। সেজদায়ে সাহু অনাদায়ে উক্ত নামায ওয়াক্তের ভিতরে পূণরায় আদায় করা ওয়াজিব হবে। পাশাপাশি নফল আদায়কারীর পিছনে ফরজ নামাজ সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি সফরাবস্থায় ভুলবশত নামাজ চার রাকআত আদায় করত: সেজদায়ে সাহু না করার কারণে তা পূণরায় পড়া ওয়াজিব। আর শেষ দুই রাকাআতে আপনার নামায যেহেতু নফল ছিলো তাই মুকিম মুক্তাদিদের নামায নফল আদায়কারী ইমামের পিছনে পড়ার কারণে সহিহ হয়নি। ফলে আপনার ফুফার পূণরায় নামায পড়ানো যথার্থ হয়েছে।

সূত্র: (মুখতাসারুল কুদুরী: ১১৪ বুশরা, হেদায়া। ১/৩৬২ বুশরা, আব্দুররুল মুখতার। ২/২৬৯ আযহার।)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল