প্রশ্ন:আমার এক ভাই কিছুদিন আগে টেলিফোনের মাধ্যমে বিবাহ করেছেন। পাত্র ও পাত্রী দুই ভিন্ন স্থানে অবস্থান করে ফোনে ইজাব-কবুল করেছেন। উভয় পক্ষের কয়েকজন সাক্ষীও ফোনে যুক্ত ছিলেন এবং তাঁরা ইজাব-কবুল শুনেছেন। এখন জানার বিষয় হলো, এভাবে টেলিফোনে বিবাহ সম্পন্ন করলে শরিয়তের দৃষ্টিতে বিবাহ সহিহ হবে কি? ফোনে বিবাহের বৈধ পদ্ধতি কী? দলিলসহ জানালে উপকৃত হব।
নিবেদক: আমীনুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
টেলিফোনের মাধ্যমে সংঘটিত বিবাহ শরিয়তের দৃষ্টিতে সহিহ হয়েছে কি না, তা নির্ভর করবে বিবাহের সময় শরিয়ত নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তার ওপর।
ইসলামে বিবাহ সহিহ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, ইজাব-কবুলের সময় কমপক্ষে দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর উপস্থিতি। সাক্ষীদের একই বিবাহের মজলিসে উপস্থিত থেকে ইজাব-কবুল সরাসরি শ্রবণ করা আবশ্যক।
অতএব, পাত্র ও পাত্রী ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে সরাসরি টেলিফোনে ইজাব-কবুল করলে বিবাহ সহিহ হবে না। এমনকি ফোনের স্পিকার চালু রেখে উভয় প্রান্তে সাক্ষীরা ইজাব-কবুল শুনলেও এভাবে বিবাহ সম্পন্ন হবে না।
তবে এভাবে বিবাহ সম্পন্ন করতে চাইলে শরিয়তসম্মত পদ্ধতি হলো, পাত্র বা পাত্রী যেকোনো একজন তার পক্ষ থেকে অন্য কাউকে বিবাহের উকিল বা প্রতিনিধি নিযুক্ত করবে। অতঃপর উকিল বিবাহের মজলিসে উপস্থিত হয়ে কমপক্ষে দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ সাক্ষীর সামনে অপর পক্ষের সঙ্গে ইজাব-কবুল সম্পন্ন করবে। এভাবে শরিয়তের অন্যান্য শর্ত পূরণ হলে বিবাহ সহিহ হয়ে যাবে।
উদাহরণ: আব্দুল্লাহ প্রবাসে অবস্থান করছে। সে খাদিজাকে বিবাহ করতে চাইলে শফিকুল ইসলামকে নিজের পক্ষ থেকে উকিল নিযুক্ত করতে পারে। অতঃপর শফিকুল ইসলাম বিবাহের মজলিসে উপস্থিত হয়ে দুজন সাক্ষীর সামনে খাদিজাকে বলবে, ‘আমি অমুকের ছেলে আব্দুল্লাহর সঙ্গে নির্ধারিত দেনমোহরের বিনিময়ে তোমাকে বিবাহ দিতে চাই।’ খাদিজা ‘কবুল’ বললে বিবাহ সম্পন্ন হয়ে যাবে।
অথবা খাদিজার পক্ষ থেকে তার অভিভাবক বা প্রতিনিধি ইজাব করলে আব্দুল্লাহর নিযুক্ত উকিল সাক্ষীদের সামনে তা কবুল করতে পারবে।
সুতরাং, পাত্র-পাত্রী ভিন্ন স্থানে অবস্থান করে সরাসরি ফোনে ইজাব-কবুল করলেই শরিয়তসম্মত বিবাহ সম্পন্ন হবে না; বরং একজনের পক্ষ থেকে উকিল নিযুক্ত করে একই মজলিসে সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুল সম্পন্ন করতে হবে।
তথ্যসূত্র: আলমুহীতুল বুরহানী, ৪/২৪, ৩৭। আদ্দুররুল মুখতার, ৩/১৪, ২১–২৩।আলবাহরুর রায়েক, ৩/৮৮–৮৯।
والله أعلم بالصواب
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল