মুহতারাম,  অনেকেই মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা গ্রহণ করতে আমার দোকানে আসে। কেউ ক্যাশ আউট করতে আসলে বিকাশ এজেন্টগণ সাধারণত প্রতি হাজারে খরচ বাবদ ২০ টাকা রাখে। অথচ কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত চার্জ হলো ১৮.৫০ টাকা। এখানে এজেন্টগণ ১.৫০ টাকা অতিরিক্ত লাভ গ্রহণ করে।

আবার কারো ক্যাশ আউটের পরিমাণ বেশি হলে তাকে সেন্ড মানি করতে বলা হয়। এখানেও খরচ হিসেবে প্রতি হাজারে ২০ টাকা করে রাখা হয়। অথচ কোম্পানির পক্ষ থেকে সেন্ড মানির জন্য নির্ধারিত চার্জ হলো পাঁচ টাকা। এক্ষেত্রে ২০ টাকা পুরোটাই অতিরিক্ত গ্রহণ করে থাকে। আর বলে—আমাদের তো টাকা ওঠাতে এত টাকা খরচ হবে। তাই আপনার থেকে রাখলাম।

এক্ষেত্রে অনেকেই পরবর্তীতে ক্যাশ আউট না করে অন্যভাবে উক্ত টাকা ব্যবহার করে থাকে। অতএব, হুযুরের কাছে উক্ত কারবার দুটির শরয়ী বিধান জানতে চাচ্ছি।

নিবেদক:মোঃ রাকিবুল ইসলাম।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

মোবাইল ব্যাংকিংয়ের চার্জসমূহ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের হিসাব থেকে কেটে নেওয়া হয়। এর অতিরিক্ত কোনো টাকা দোকানী/এজেন্ট কর্তৃক নেওয়া আইনতও নিষেধ আর শরীয়তের দৃষ্টিতেও নাজায়েয।কারণ, এজেন্ট মোবাইল ব্যাংকিং কোম্পানির পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধি বা উকীল। আর প্রতিনিধিরা দায়িত্ব আদায়ের ক্ষেত্রে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত কিছু গ্রহণ করা রিশওয়াত তথা উৎকোচের অন্তর্ভুক্ত, যা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ।

আর কেউ ক্যাশ আউট করতে আসলে তাকে পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে বলাও নীতিবহির্ভূত অন্যায় কাজ। এক্ষেত্রে এজেন্ট যদি পরবর্তীতে বাস্তবেই ক্যাশ আউট না করে, তাহলে গ্রাহকের কাছ থেকে ক্যাশ আউটের চার্জ গ্রহণ করাও জায়েয নয়।

কারণ, এজেন্ট পরবর্তীতে এ টাকা যদি কোথাও সেন্ড করে অথবা তা পণ্য খরিদ/মোবাইল রিচার্জ ইত্যাদি কাজে ব্যবহার করে, তাহলে তার কোনোই খরচ হবে না। তাই অতিরিক্তও নিতে পারবে না।

তথ্যসূত্র:শরহু আদাবিল কাযী, খাসসাফ ২/২৫-২৬।ফাতাওয়া বায্যাযিয়া ৫/১৪০।ইলাউস সুনান ১৫/৬৪।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল