মুহতারাম! সজীব সাহেবের সাথে তার স্ত্রীর বনিবনা না হওয়াতে তিনি বিবাহ বিচ্ছেদের উদ্দেশ্যে কাজির কাছে গিয়ে বলেন যে আমার স্ত্রীকে তালাক দিতে চায় কাজী তার কাছ থেকে নির্ধারিত ফিস নিয়ে অগ্রিম সাদা স্ট্যাম্পে দস্তখত নিয়ে নেয় এবং পরবর্তীতে সে নিজের ইচ্ছামত তালাক নামা লিখে সজীব মিয়ার কাছে পৌঁছায় তালাকনামায় কয় তালাক লেখা ছিল তা সজীব সাহেবের যারা ছিল না, পরে জানতে পারে যে কাগজে তিন তালাক লেখা রয়েছে, যা কাজী নিজের ইচ্ছামতো লিখেছে। জানার বিষয় হলো আলোচ্য ভাষ্যমতে তার স্ত্রীর ব্যাপারে শরয়ী হুকুম কি। উল্লেখ্য তার স্ত্রী তখন গর্ভবতী ছিল। বর্তমানে কাজী অফিসগুলোতে কাজীরা ভোক্তাদের কাছ থেকে অগ্রিম দস্তখত নিয়ে পরে কাগজে তালাকনামা লিখে পাঠায়। এতে কি তালাক পতিত হবে যাবে।
নিবেদক আবুল কাশেম।
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়তের দৃষ্টিতে, স্বামী নিজে যেভাবে স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হয়, তদ্রূপ অন্য কাউকে নিজের তালাকের উকিল নিযুক্ত করলেও উক্ত উকিল কর্তৃক প্রদত্ত তালাক কার্যকর হয়ে যায়। এক্ষেত্রে মুয়াক্কিল (উকিল নিয়োগকারী) উকিলকে যত তালাক প্রদানের অধিকার অর্পণ করবে, উকিল কেবল তত তালাক প্রদানেরই অধিকারপ্রাপ্ত হবে। আর গর্ভবতী অবস্থায় তালাক দিলেও তা কার্যকর হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত ঘটনায়, সজীব সাহেব কাজির নিকট স্ত্রীকে তালাক দিতে চান মর্মে স্বীকারোক্তি প্রদানপূর্বক স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে সাদা কাগজে স্বাক্ষর করার দ্বারা উক্ত কাজি তাঁর তালাক প্রদানের উকিল হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে কাজি সাহেব সজীব সাহেবের পক্ষ থেকে উক্ত কাগজে তালাক লেখার দ্বারা লিখিত তালাকের পরিমাণ অনুযায়ী স্ত্রীর ওপর তালাক পতিত হয়ে যাবে। এক্ষেত্রে স্ত্রী গর্ভবতী হওয়া তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হবে না।
অতএব, কাজি অফিসগুলোতে কাজিরা যদি তালাক প্রদানের উদ্দেশ্যে স্বামীর কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে সেই স্বাক্ষরযুক্ত কাগজে তালাকনামা লিখে স্ত্রীর নিকট পাঠান, তাহলে উল্লিখিত শর্তগুলো বিদ্যমান থাকলে তার দ্বারাও তালাক পতিত হয়ে যাবে।
(তানভীরুল আবসর ৪/৫৬৩ আজহার, আলবেকায়া ৩)২৯৭ দারুল কুতুব, উমদাতুররেয়ায়া ৩/২৯৯ দারুল কুত্বব)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা