আমি বিয়ে করেছি তিন বছর হয়েছে। দাম্পত্য জীবন ভালই কাটছে উভয়ের। কিন্তু তার বাবা চাচ্ছে আমার থেকে তার মেয়েকে নিয়ে যেতে। আমার শশুর একটি সাদা কাগজে আমার থেকে দস্তখত নেয়। অতঃপর সেখানে তালাকনামা লেখে। জানার বিষয় হল, সাদা কাগজে দস্তখত নেয়ার পর সেখানে তালাকনামা লেখলে তা কতটুকু কার্যকর হবে? এক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় ঘর সংসার করতে পারবো কি?
নিবেদক: মুহা মুহিববুল্লাহ (ভোলা)
الجواب باسم ملهم الصدق والصواب
শরীয়া মতে তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামীর। বিধায় স্বামী যদি মৌখিক বা সুস্পষ্টভাবে নিজে স্বেচ্ছায় তালাক না লিখে বা অন্যের মাধ্যমে না লিখায়, বা অন্যের লেখা তালাকনামা নিজে না পড়ে বা অন্যের মাধ্যমে পড়িয়ে না শুনে দস্তখত করে তাহলে কোন তালাকই পতিত হয় না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত নীতি অনুযায়ী সুস্পষ্টভাবে তালাক না লিখে কাগজে দস্তগত করার মাধ্যমে কোন তালাকই পতিত হবে না। আর তালাক প্রদানের অধিকার একমাত্র স্বামীর হওয়ায় শ্বশুর কর্তৃক পরবর্তীতে উক্ত কাগজে লেখা তালাকনামাও কার্যকর হবে না। বিধায় আপনারা পূর্বের ন্যায়ই ঘর-সংসার করতে পারবেন।
(আর মুহিতুল বোরহানি (৪/৪৮৬, ইদারাতুল কোরআন), খোলাসাতুল ফাতাওয়া (২/১১, রশিদিয়া), রদ্দুল মুহতার (৪/৪৪৩, আজহার)।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা