মুহতারাম! জনাব আব্দুর রশিদ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত। ডিউটির সময় সাধারণত তিনি বুট জুতা পরিধান করেন এবং অজুর সময় বুট জুতা খুলে পা ধৌত করেন। একবার এক হুজুর বলেন, বুট জুতা যেহেতু অনেক মোটা এবং তাতে পানি ঢুকতে পারে না, সেহেতু তা না খুলে পা ধৌত করলেও চলবে; বরং বুট জুতার ওপর মাসেহ করে নিলেই যথেষ্ট হবে।
আমার জানার বিষয় হলো, আর্মিদের বুট জুতার ওপর মাসেহ করা কি বৈধ? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: নাজমুস সাকিব
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ফুকাহায়ে কেরামের ভাষ্যমতে, কয়েকটি শর্ত সাপেক্ষে মোজার ওপর মাসেহ করা বৈধ। শর্তগুলো হলো—মোজা পায়ের টাখনু পর্যন্ত ঢেকে রাখা, পানি পৌঁছতে প্রতিবন্ধক হওয়া, কোনো কিছুর সাহায্য ছাড়া মোজা পায়ের সঙ্গে স্থির থাকা এবং শুধু মোজা পরে তিন মাইল হাঁটা সম্ভব হওয়া।
সুতরাং প্রশ্নোক্ত বুট জুতা যদি উপরিউক্ত শর্তগুলো পূরণ করে, তাহলে তা মোজার বিধানভুক্ত গণ্য হবে এবং তার ওপর মাসেহ করা বৈধ হবে। তবে যেহেতু এটি জুতা হিসেবে ব্যবহৃত হয় এবং জুতার নিচে নাপাকি ইত্যাদি লেগে থাকার প্রবল আশঙ্কা থাকে, তাই তা পরে নামাজ আদায় করা এবং মসজিদে প্রবেশ করা উচিত নয়।
রেফারেন্স: খতাসারুল কুদুরি: ১/৪১, বুশরা রারুল মুনতাকা: ১/৭৪, মানার মদাদুল ফাতাওয়া: ১/২৯৫, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল